

আশিকুর রহমান রনি : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সনাতন ধর্মাবলম্বীদের সম্পৃক্ত করে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুরে জেলার সচেতন সনাতন ধর্মাবলম্বীদের ব্যানারে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার করে সনাতন ধর্মাবলম্বীদের জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং প্রতিমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে।
সমাবেশে বক্তারা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, প্রযুক্তির অপব্যবহার করে সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করা প্রয়োজন। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Posted ৩:২৮ অপরাহ্ণ | শনিবার, ০১ আগস্ট ২০২৬
দৈনিক গণবার্তা | Gano Barta


