আজ, Monday


২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

পঞ্চগড়ের দেবীগঞ্জে মনুষ্যসৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি অর্ধশতাধিক পরিবার

রবিবার, ১৯ জুলাই ২০২৬
পঞ্চগড়ের দেবীগঞ্জে মনুষ্যসৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি অর্ধশতাধিক পরিবার
সংবাদটি শেয়ার করুন....

মেহেদী হাসান সেতু,  পঞ্চগড় : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বসুনিয়া পাড়া ও বাজার পাড়া এলাকায় মনুষ্যসৃষ্ট জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ করে দেওয়ার অভিযোগে প্রায় অর্ধশতাধিক পরিবার কয়েকদিন ধরে পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। বসতঘর, আঙিনা, রান্নাঘর, টয়লেট ও চলাচলের পথ পানিতে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বিগত বছরগুলোতে এ এলাকায় কখনো এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়নি। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি স্বাভাবিকভাবেই বিভিন্ন খাল ও পানি নিষ্কাশনের পথ দিয়ে নেমে যেত। কিন্তু চলতি বছর কতিপয় প্রভাবশালী ব্যক্তি নিজেদের স্বার্থে পানি চলাচলের স্বাভাবিক পথ মাটি দিয়ে ভরাট করে দেওয়ায় বৃষ্টির পানি আর বের হতে পারছে না। ফলে সামান্য বৃষ্টিতেই পুরো এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানান, ঘরের ভেতরে পানি ঢুকে পড়ায় অনেক পরিবার নিরাপদে বসবাস করতে পারছে না। অনেকেই প্রয়োজনীয় আসবাবপত্র উঁচু স্থানে তুলে রাখতে বাধ্য হয়েছেন। শিশু, নারী ও বয়স্কদের দুর্ভোগ সবচেয়ে বেশি বেড়েছে। পানিবন্দি অবস্থায় বিশুদ্ধ পানি সংগ্রহ, রান্নাবান্না এবং দৈনন্দিন প্রয়োজনীয় কাজকর্ম করতেও চরম সমস্যার মুখোমুখি হচ্ছেন তারা।

জলাবদ্ধতার প্রভাব পড়েছে স্বাস্থ্যসেবাতেও। টেপ্রীগঞ্জ ইউনিয়নের একমাত্র উপ-স্বাস্থ্য কেন্দ্রটির প্রধান ফটকের সামনে হাঁটুসমান পানি জমে রয়েছে। ফলে রোগী, গর্ভবতী নারী, শিশু ও বয়স্কদের স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে বিকল্প পথ ব্যবহার করছেন, আবার কেউ কেউ প্রয়োজনীয় চিকিৎসা নিতে বিলম্ব করছেন।

এদিকে এলাকার দুটি গুরুত্বপূর্ণ পাকা সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে সমস্যায় পড়ছে, কৃষকরা কৃষিপণ্য পরিবহন করতে পারছেন না এবং কর্মজীবী মানুষকে গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় ও দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন পানি জমে থাকায় সড়কের স্থায়িত্ব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা আরও অভিযোগ করেন, পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়ার বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ না করা হলে আরও নতুন নতুন এলাকা জলাবদ্ধতার কবলে পড়বে এবং ঘরবাড়ি ও কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অবিলম্বে পানি চলাচলের স্বাভাবিক পথ পুনরুদ্ধার করে জলাবদ্ধতা নিরসনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি যারা অবৈধভাবে পানি নিষ্কাশনের পথ ভরাট করে জনদুর্ভোগ সৃষ্টি করেছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়রা আশা করছেন, প্রশাসন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে বাস্তব পরিস্থিতি মূল্যায়ন করবে এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪১ অপরাহ্ণ | রবিবার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com