

শাহ সাহিদ উদ্দিন : কুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার দাবিতে মানববন্ধন করেছে সুজন–সুশাসনের জন্য নাগরিক, কুমিল্লা জেলা ও মহানগর কমিটি। শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা টাউন হলের সামনে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, সাংবাদিক এবং সুজনের নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা, মাদকের বিস্তার, তীব্র যানজট এবং ফুটপাত ও সড়ক দখল করে অপরিকল্পিতভাবে হকার বসার কারণে কুমিল্লার সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।
বক্তারা জানান, এসব দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আগামীকাল একটি স্মারকলিপি প্রদান করা হবে। স্মারকলিপিতে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগ ও জনসচেতনতা বৃদ্ধি, যানজট নিরসনে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা চালু এবং হকারদের পরিকল্পিত পুনর্বাসনের মাধ্যমে নাগরিক দুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হবে।
সুজন কুমিল্লা জেলা কমিটির সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন মহানগর কমিটির সভাপতি অ্যাডভোকেট শামিমা আক্তার জাহান, জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আলী আহসান টিটু, মহানগর কমিটির সম্পাদক অধ্যাপক এনামুল হক, কুমিল্লা দোকান মালিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান, কুমিল্লা প্রেস ক্লাবের সহ-সভাপতি সাদিক মামুন, সাংবাদিক শাহ আলম শফি, কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব নাসির উদ্দিন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সুজনের সভাপতি অ্যাডভোকেট ইসলাম ইবনে সাঈক, সাধারণ সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান, ব্রাহ্মণপাড়া উপজেলা সভাপতি সৈয়দ আহমেদ লাভলু, বুড়িচং উপজেলা সভাপতি মোসলেহ উদ্দিন, লালমাই উপজেলা সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ, দেবিদ্বার উপজেলা সাধারণ সম্পাদক সাংবাদিক আরিফুর ইসলাম, মানবাধিকার কর্মী আব্দুল হান্নান, কবি আব্দুল কাইয়ুম, নারী উদ্যোক্তা কামরুন্নাহার দীপু, মহানগর কমিটির অর্থ সম্পাদক শামসুন্নাহার ঝুমুর, জেলা অর্থ সম্পাদক সৈয়দ মোহাম্মদ নিজাম উদ্দিন, জেলা সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মঞ্জুর হোসেন, সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাজিব এবং বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা জেলা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লাসহ আরও অনেকে।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দিন। মানববন্ধনটি সঞ্চালনা করেন সুজন কুমিল্লা মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ সরকার লিটন।

Posted ৩:০৭ অপরাহ্ণ | শনিবার, ০১ আগস্ট ২০২৬
দৈনিক গণবার্তা | Gano Barta


