

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে স্ত্রী নারগিস খাতুনের বিরুদ্ধে একাধিক বিয়ের তথ্য গোপন, অর্থ আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন হুমায়ুন কবির নামে এক ব্যক্তি। নারগিস খাতুন পুরাতন ঠাকুরগাঁও টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন। অন্যদিকে ভুক্তভোগী হুমায়ুন কবির সাবেক নৌ বাহিনী সদস্য ছিলেন। বুধবার (৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও সদর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।
হুমায়ুন কবিরের বলেন, ২০২১ সালের ১৬ ডিসেম্বর নাসরিন খাতুনের সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়। তবে বিয়ের সময় কাবিননামায় নারগিস খাতুন তার পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করেন। বিয়ের পর স্ত্রীকে স্বর্ণালঙ্কার, নগদ অর্থ, আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী দেন। এছাড়া দীর্ঘদিন সংসারের ব্যয়, বাসা ভাড়া, সন্তানদের লেখাপড়া এবং অন্যান্য খরচও বহন করেন। তিনি আরো বলেন, বিয়ের কিছুদিন পর থেকেই বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে নিয়মিত অর্থ নেওয়া হতো। পরে তিনি জানতে পারেন, নাসরিন খাতুন পূর্বেও একাধিক বিয়ে করেছেন, যা তার কাছ থেকে গোপন রাখা হয়েছিল।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, পরিকল্পিতভাবে প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও সম্পদ হাতিয়ে নেওয়া হয়েছে। সবকিছু আত্মসাতের পর হঠাৎ করেই তাকে একতরফা তালাকনামা পাঠানো হয়। এতে তিনি সামাজিক, মানসিক ও আর্থিকভাবে ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন বলে দাবি করেন। তিনি আরও বলেন, বিয়ের তথ্য গোপন করে একাধিক বিয়ে করা, অর্থ ও সম্পদ হাতিয়ে নিয়ে পরে তালাক দেওয়ার মতো ঘটনাগুলো বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। এ ধরনের কর্মকাণ্ডে অনেক পুরুষের জীবন ও পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও তিনি দাবি করেন। একই সঙ্গে শিক্ষিকা নারগিসের আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত স্ত্রী পুরাতন ঠাকুরগাঁও টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষিকা নারগিস খাতুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, তার সাথে আমার অনাকাঙ্ক্ষিতভাবে বিয়ে হয়েছিল। কিন্তু তাকে আমার পছন্দ ছিল না বিধায় এক বছর না যেতেই তাকে আমি ডিভোর্স দেই। তার সাথে আমি ছিলাম না এবং তার সাথে আমার কোন ঘর সংসার হয়নি। অন্যদিকে তার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Posted ৯:২৪ অপরাহ্ণ | বুধবার, ০৮ জুলাই ২০২৬
দৈনিক গণবার্তা | Gano Barta


