
এ এম নিশান:
রাজধানীর ব্যাংক পাড়া বলে খ্যাত মতিঝিলের দিলকুশায় অবস্থিত জীবন বীমা টাওয়ারে বৃহস্পতিবার আনুমানিক সকাল ১১ টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে জীবন বীমা টাওয়ারের ২১ তলা ভবনের বিভিন্ন ফ্লোরে কর্মরত প্রায় দুই হাজার মানুষ আতঙ্কিত হয়ে ওঠে। অনেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হন।
সংশ্লিষ্ট ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ৩০ এপ্রিল সকাল আনুমানিক ১১ টার দিকে জীবন বীমা টাওয়ারে দ্বিতীয় তলায় অবস্থিত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দেখে ব্যাংকের লোকজন এবং টাওয়ারে লোকজন মিলে তাৎক্ষণিকভাবে ৪টি ফায়ার এক্সটিংগুইশার খরচ করে আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে টাওয়ার নিরাপদ হয়। চলতি মাসের ১৩ এপ্রিল সেন্ট্রাল এসির কাজ চলাকালে অনুরূপ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সপ্তম তলায়। একই মাসে দুইবার অগ্নিকাণ্ডের ঘটনায় জীবন বীমা টাওয়ারে অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক পিএলসি,বারাকা, অ্যাপোলো,রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকসহ একাধিক প্রতিষ্ঠানে কর্মরত দুই হাজার অধিক কর্মকর্তা-কর্মচারী সর্বদা আতঙ্কের মধ্যে বিদ্যমান থাকেন।
এ বিষয়ে জীবন বীমা টাওয়ারের দায়িত্বশীল কর্মকর্তা ডিজিএম মোঃ আজিজুল হক বলেন জীবন বীমা টাওয়ারের অগ্নিনির্বাপক ব্যবস্থা আধুনিকায়ন করা হয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।
জীবন বীমা টাওয়ারের দায়িত্বশীল জুনিয়র অফিসার প্রকৌশলী কাজী মাহিব উদ্দিন বলেন, সেন্ট্রাল এসি দীর্ঘ ২৪ বছর ধরে বন্ধ হয়ে রয়েছে। বর্তমানে এসি লাইনের কাজ চলাকালে স্পার্ক থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে তিনি জানান।