

শাহ সাহিদ উদ্দিন : কুমিল্লা দেবিদ্বার উপজেলায় নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল, আলোচনা সভা এবং জুলাই গণ-আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে দেবিদ্বার উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা প্রাঙ্গণ থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট এলাকা হয়ে মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মিছিল ও আলোচনা সভায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। কর্মসূচির শুরুতে জুলাই গণ-আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, নবগঠিত কুমিল্লা উত্তর জেলা ও দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃত্বে সংগঠন আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, বিএনপিতে অন্য দল থেকে আগত বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া হবে না। একই সঙ্গে চাঁদাবাজ, ভূমিদস্যু ও সন্ত্রাসীদের কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হবে না বলে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রিজভিউল আহসান মুন্সি, দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিন এবং সদস্য সচিব আবুল কালাম আজাদ।

Posted ৮:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
দৈনিক গণবার্তা | Gano Barta


