

মহিবুল ইসলাম সৌরভ : ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন করা হয়েছে। ১৬ আগস্ট রোজ রবিবার বিকেল ৩ ঘটিকায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ ও সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয়ে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা। এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তন্ময় হালদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহবায়ক, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী হাসনাইন আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান চুন্নু, বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সাংবাদিক মহিবুল ইসলাম সৌরভসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় মৎস্যচাষিরা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, মাছ বাংলাদেশের মানুষের আমিষের অন্যতম প্রধান উৎস। দেশের মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবে মাছ চাষেও মৎস্যচাষিরা গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন। দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি বাংলাদেশ বর্তমানে বিদেশেও মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করছে। তিনি বলেন, মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যচাষিদের আধুনিক প্রযুক্তি, বৈজ্ঞানিক পদ্ধতি ও পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে মাছ চাষে এগিয়ে আসতে হবে। এতে দেশের অর্থনীতি শক্তিশালী হওয়ার পাশাপাশি কর্মসংস্থান ও মানুষের পুষ্টি নিশ্চিতকরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মৎস্য খাত। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাকেরগঞ্জ উপজেলার তিনজন সফল মৎস্যচাষির হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

Posted ৬:৩৮ অপরাহ্ণ | রবিবার, ১৬ আগস্ট ২০২৬
দৈনিক গণবার্তা | Gano Barta


