

শাহ পরান হাওলাদার : গ্রাহকের প্রতি অঙ্গীকার ও সেবার মান বজায় রাখার ধারাবাহিকতায় এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর পটুয়াখালী জোনাল অফিসের উদ্বোধন এবং মৃত্যুদাবির চেক হস্তান্তর অনুষ্ঠান শনিবার (২৫ জুলাই) জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ্ জামাল হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফ মোঃ শহিদুল ইসলাম, সরকারি ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা; মুহাম্মদ জহিরুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (সেলস অ্যান্ড মার্কেটিং), ঢাকা এবং মোঃ ফজলুর রহমান, সেলস ম্যানেজার, বরিশাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মোঃ মোশাররফ হোসাইন, অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার ও ইনচার্জ, পটুয়াখালী জোনাল অফিস।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ শাহ্ জামাল হাওলাদার বলেন, “এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি গ্রাহকের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। দ্রুত, স্বচ্ছ ও নির্ভুলভাবে বীমা দাবির অর্থ পরিশোধের মাধ্যমে আমরা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলেছি। ভবিষ্যতেও আধুনিক ও মানসম্মত সেবার মাধ্যমে দেশের মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে।”
বিশেষ অতিথিরা বলেন, “জীবনবীমার প্রকৃত মূল্য তখনই প্রতিফলিত হয়, যখন একজন গ্রাহকের অনুপস্থিতিতে তাঁর পরিবারের পাশে প্রতিষ্ঠানটি আর্থিক সহায়তা নিয়ে দাঁড়ায়। এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সেই দায়বদ্ধতা নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছে।”
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মরহুমা মরিয়ম আক্তার-এর মনোনীত নমিনি (ভাতিজি) মাকসুরা আক্তার-এর হাতে ৩,০০,২৬৭ (তিন লক্ষ দুইশত সাতষট্টি) টাকা মৃত্যুদাবির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নবউদ্বোধিত পটুয়াখালী জোনাল অফিসের সফল কার্যক্রম এবং গ্রাহকদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

Posted ১০:০৩ অপরাহ্ণ | শনিবার, ২৫ জুলাই ২০২৬
দৈনিক গণবার্তা | Gano Barta


