

বাংলাদেশ ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকগুলোর জন্য লভ্যাংশ বিতরণের নতুন নির্দেশনা জারি করেছে। এখন থেকে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকের পরিশোধিত মূলধন ২ হাজার কোটি টাকার কম থাকলে শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিতে পারবে না।
শনিবার (২৩ মে) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি পলিসি অ্যান্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত এক সার্কুলার জারি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, দেশের ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতি, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, ব্যাংকসমূহের আর্থিক সক্ষমতা এবং ব্যাংকের শেয়ারে বিনিয়োগকারীদের রিটার্নের বিষয়টি বিবেচনা করে লভ্যাংশ বিতরণ সংক্রান্ত নীতিমালা জারি করা হয়।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ ২ হাজার কোটি টাকার কম থাকলে কোনো প্রকার নগদ লভ্যাংশ প্রদান করা যাবে না; এছাড়া আগের সকল নির্দেশনা যথাযথভাবে পরিপালন করে নগদ লভ্যাংশ প্রদানে সক্ষম ব্যাংকগুলো তাদের ঘোষিত মোট লভ্যাংশের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত প্রদান করতে পারবে। এ নির্দেশনা ২০২২৬ সালের ৩১ ডিসেম্বর এবং তৎপরবর্তী বছরগুলোর লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে কার্যকর হবে।
এছাড়া আগে জারি করা অন্যান্য সার্কুলারের সকল নির্দেশনা যথারীতি কার্যকর থাকবে। উল্লেখ্য, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশ জারি করে বাংলাদেশ ব্যাংক।

Posted ৯:০৯ অপরাহ্ণ | শনিবার, ২৩ মে ২০২৬
দৈনিক গণবার্তা | Gano Barta


