

স্টাফ রিপোর্টার: সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, সড়ক পরিবহনে শৃঙ্খলা আনয়ন এবং ইটিসির মাধ্যমে যানবাহনের টোল আদায় করে জনগণকে স্বস্তি ও স্বাচ্ছন্দ্য প্রদান নিশ্চিত করার লক্ষ্যে সেতু কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থায় টোল আদায় ১০ কোটি টাকা ছাড়িয়েছে। আজ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ জুলাই পর্যন্ত ইটিসির মাধ্যমে মোট ১০ কোটি ৮ লাখ ২৪ হাজার ৬০০ টাকা টোল আদায় হয়েছে। একই সময় ইটিসিতে নিবন্ধিত যানবাহনের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮টি। সেতু কর্তৃপক্ষ আরো জানায়, বর্তমানে ট্যাপ, বিকাশ, নগদ, উপায়সহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এবং ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অ্যাপের মাধ্যমে পদ্মা সেতুর টোল পরিশোধ করা যাচ্ছে। ইটিসি ব্যবহারের জন্য সংশ্লিষ্ট অ্যাপের ডি-টোল অপশনে গিয়ে মোটরযান নিবন্ধন, প্রয়োজনীয় অর্থ রিচার্জ এবং প্রথমবার মাওয়া টোল প্লাজার নিবন্ধন বুথ বা টোল বুথে বিআরটিএ অনুমোদিত আরএফআইডি ট্যাগ যাচাই করতে হবে। একবার নিবন্ধন সম্পন্ন হলে আলাদা কোনো আরএফআইডি ট্যাগ ছাড়াই ইটিসি লেন ব্যবহার করে সেতু পার হওয়া যাবে। সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, সড়ক পরিবহনে শৃঙ্খলা আনয়ন এবং ইটিসির মাধ্যমে যানবাহনের টোল আদায় করে জনগণকে স্বস্তি ও স্বাচ্ছন্দ্য প্রদান নিশ্চিত করার লক্ষ্যে সেতু কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেতু সচিব আরো বলেন, ইটিসি ব্যবস্থায় ১০ কোটি টাকার বেশি টোল সংগ্রহ এবং ১ হাজারের বেশি যানবাহনের নিবন্ধন শুধু একটি পরিসংখ্যান নয়; এটি দেশের গণপরিবহন খাতকে প্রযুক্তিবান্ধব ও ক্যাশলেস করার ক্ষেত্রে একটি বড় সাফল্য ও অগ্রগতির প্রতীক।

Posted ৩:৫৯ অপরাহ্ণ | সোমবার, ২৭ জুলাই ২০২৬
দৈনিক গণবার্তা | Gano Barta


