

নিজস্ব প্রতিনিধি: শিক্ষকদের ক্ষমতায়নের মাধ্যমে শিক্ষার উন্নতি ঘটবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে নগরীর ওয়াসা মোড় প্রিমিয়ার ইউনিভার্সিটির অডিটোরিয়ামে চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান বলেন, ‘পাঠদানের মধ্যেই শিক্ষকদের দায়িত্ব শেষ হয় না। শিক্ষার্থীর রুচি, মানসিকতা ও সৃজনশক্তি বিকাশে শিক্ষক অগ্রণী ভূমিকা পালন করবেন। শিক্ষার্থীদের ক্যারিয়ার প্ল্যানে বাস্তব সিদ্ধান্ত নিতে সাহসী ও যোগ্য করে তুলতে হবে। শিক্ষকের অধিক ক্ষমতায়নের মাধ্যমে শিক্ষার উন্নতি ঘটবে। তাই শিক্ষকদের সুবিধা ও ক্ষমতা বৃদ্ধি করতে হবে। সরকার সে পথেই যাচ্ছেন।’
তিনি বলেন, ‘শিক্ষকরাই শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ করে কর্মসংস্থানের পথ তৈরি করতে পারেন। আমাদের টিকে থাকতে হলে স্মার্ট বাংলাদেশ গড়ার বিকল্প নেই। বঙ্গবন্ধুর সরকার এবং বর্তমান সরকার শিক্ষা ও শিক্ষকদের সবচেয়ে বেশি সম্মানিত করছেন।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘পৃথিবীর অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের জনসংখ্যাকে জনসম্পদে রুপান্তর করার বিকল্প কিছু নেই। তাই নানান ভাষা ও হাতে কলমে শিক্ষা গ্রহণে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে হবে শিক্ষকদেরকে।’
তিনি শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ওপর জোর দিতে শিক্ষকদের অনুরোধ করেন।
শামসুদ্দীন শিশিরের সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর মো. রেজাউল করিম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর নারায়ণ নাথ, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাহিদুল ইসলাম, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুল ইসলাম, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুদীপা দত্ত, শিক্ষক নেতা অধ্যাপক আবু তাহের চৌধুরী, এম ই এস কলেজের অধ্যক্ষ সারোয়ার আলম, বিসিএস শিক্ষক সমিতির পক্ষে প্রফেসর আমিরুল মোস্তফা, কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সিটি করপোরেশন স্কুল এণ্ড কলেজের পক্ষে অধ্যক্ষ আবু তালেব প্রমুখ।

Posted ৩:৫৫ এএম | শনিবার, ২০ জানুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ | Gano Barta


