

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ দুজন আহত হয়েছেন। আহতরা হলেন হাকিম মল্লিক (৩০) ও তাঁর মা মাকসুদা বেগম (৫৫)।
ঘটনাটি ঘটেছে উপজেলার কামারখাড়া ইউনিয়নের চৌসার গ্রামে।
এ ঘটনায় ভুক্তভোগী হাকিম মল্লিক গত ১৫ নভেম্বর রাতে আওলাদ সরদার, মেহেদী সরদার, রুহেল সরদার, জুনায়েদ সরদার, বিজয় সরদার, ইমiন সরদার, মুকুল সরদার, আশিক সরদার, মো. হযরত ও ফরিদা বেগমসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার সকালে আমিন উদ্দিন মল্লিকের একটি ছাগল প্রতিবেশী আওলাদ সরদারের বাড়ির কাঁঠালগাছের পাতা খেয়ে ফেলে। এ সময় হাকিম মল্লিক বাড়িতে ছিলেন না। সন্ধ্যায় বাড়ি ফেরার পর ছাগল বেঁধে রাখার বিষয় নিয়ে আওলাদ সরদারের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে আওলাদ সরদারসহ কয়েকজন লোহার রড ও কাঠের ডাসা নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ঘরের দরজা-জানালা ভাঙচুরের পাশাপাশি হাকিম মল্লিককে মারধর করা হয়। ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর মা মাকসুদা বেগমকেও মারধর করা হয়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। এ ছাড়া তাঁর নাকের স্বর্ণের নাকফুল নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
হাকিম মল্লিকের দাবি, হামলায় তাঁদের বসতঘরের প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
হাকিম মল্লিক অভিযোগ করে বলেন, আওলাদ সরদারের নির্দেশে ২৫ থেকে ৩০ জন লোক তাঁদের বাড়িতে এসে দরজা ভেঙে তাঁকে মারধর করেন। এ সময় তাঁর মাকেও মারধর করা হয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করে আওলাদ সরদার বলেন, হাকিম মল্লিক তাঁর প্রতিবেশী। তাঁদের গরু-ছাগল প্রায়ই তাঁর বাড়ির গাছপালা খেয়ে ফেলে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশও হয়েছে।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Posted ৬:১৮ পিএম | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ | Gano Barta


