

গোলাম দস্তগীর খান ছামিন : সিলেটের গোলাপগঞ্জে কৈলাশটিলা ৯ নম্বর গ্যাসকূপ খনন নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড ও কৈলাশটিলা গ্যাস ফিল্ড লিমিটেডের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের জিএম (অপারেশন) এ কে এম আলমগীর আজাদ, জিএম (এডমিন) তারেক আহমদ, জুপিটিলা-১ ও কৈলাশটিলা ৯ নম্বর অনুসন্ধান কূপ খনন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মুশতাক আহমেদ, কৈলাশটিলা গ্যাসকূপ-১-এর উপমহাব্যবস্থাপক প্রকৌশলী সুলতানুল বাহার, কৈলাশটিলা এমএসটিএ প্লান্টের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ ফররুখ আহমদ, উপমহাব্যবস্থাপক (পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার) তোফায়েল আহমদ, ঠিকাদারি প্রতিষ্ঠান ফার অয়েল অ্যান্ড গ্যাস লিমিটেডের প্রতিনিধি শাহ জালাল সুজন, গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মোসলেহ উদ্দিন আহমদ, বাঘা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাকিম পারভেজ, ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সহসাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ বাবর, ভূমি মালিক রেহান উদ্দিন, মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক রাহুল হোসেন সাহেল ও সাংবাদিক হারিস আলী প্রমুখ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, উপজেলার বাঘা ইউনিয়নের গোলাপনগর মৌজায় কৈলাশটিলা ৯ নম্বর গ্যাসকূপ খননের লক্ষ্যে ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ক্ষতিপূরণের টাকা বিতরণও শুরু হয়েছে। তবে ভূমি মালিকদের জমির রেকর্ড সংক্রান্ত ত্রুটি, নামজারি ও খাজনা পরিশোধ নেই। ফলে অধিগ্রহণকৃত ভূমির টাকা দাবি করে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় আবেদন করছেন না অনেকে। এ বিষয়ে খাজনা পরিশোধ ও নামজারি করার ক্ষেত্রে বিশেষ সুবিধা দিয়ে দুই সপ্তাহ সময় দেওয়া হয় ভূমি মালিকদের।তিনি আরও বলেন, রেকর্ড সংশোধন না করে কতিপয় ব্যক্তি বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। তাদের বেশিরভাগেরই বৈধ মালিকানা নেই বলে তিনি উল্লেখ করেন।ইউএনও বলেন, প্রকল্পের কাজ শুরু না হওয়ায় এর ব্যয় ও বাস্তবায়নের সময় দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় সর্বশেষ প্রচেষ্টা হিসেবে অধিগ্রহণকৃত ভূমির মালিকদের সঙ্গে বুধবার (১১ নভেম্বর) দুপুর ২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পুনরায় সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সমাধান না হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ প্রক্রিয়ায় প্রকল্পের কাজ শুরু করবে।

Posted ৫:৫২ পিএম | বুধবার, ১১ নভেম্বর ২০২৬
দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ | Gano Barta


