
মো. রায়হান মাহামুদ :
গাজীপুরের কালীগঞ্জে পৌরসভার পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শ সভা-২ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন কর্মসূচির আওতায় এ সভার আয়োজন করা হয়।
কালীগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্টস লিমিটেডের দলনেতা ড. মো. জহিরুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান এবং পৌর উন্নয়ন কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদসহ অন্যান্যরা।
কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদের সঞ্চালনায় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পৌর উন্নয়ন কমিটির সদস্য, জনপ্রতিনিধি ও সুধীজন অংশ নেন।
আলোচনা সভায় অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই পৌর নগর গড়ে তুলতে এ ধরনের অংশগ্রহণমূলক পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।