

কাজী আসাদুজ্জামান : “গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন, ধর্মীয় মূল্যবোধ সমৃদ্ধ একটি শক্তিশালী বাংলাদেশ গড়তে আমরা ঐক্যবদ্ধ” শীর্ষক এক এক সুধী আজ শনিবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) অনুষ্ঠিত হয়েছে। শহীদ জিয়া গবেষণা পরিষদের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মুকিত খান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার এমপি।
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় সরাসরি উপস্থিত হতে না পেরে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, “গণতন্ত্র কেবল ভোট দেওয়ার অধিকার নয়; গণতন্ত্র হলো প্রতিটি মানুষের বাকস্বাধীনতা, প্রত্যেকের মতামতের প্রতি শ্রদ্ধা এবং জবাবদিহিতা নিশ্চিত করা। এই গণতন্ত্রকে টেকসই করতে হলে আমাদের প্রয়োজন ন্যায়বিচার।” তিনি আরও বলেন, “আইন যখন সবার জন্য সমান হবে, যখন ধনী-দরিদ্র নির্বিশেষে প্রত্যেকে তার ন্যায্য অধিকার ফিরে পাবে, তখনই সমাজে শান্তি ও ভারসাম্য ফিরে আসবে। আমাদের দেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই নিজ নিজ ধর্মীয় অনুশাসন ও নৈতিকতা মেনে চললে সমাজে কোন অন্যায়, অবিচার ও দুর্নীতি টিকতে পারবে না।”সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতী মুহিবুল্লাহিল বাকী নদভী, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস মুফতী মনির কাসেমী, মুফতী শরিফুল্লাহ,আজাদী মঞ্চের চেয়ারম্যান এনামুল হাসান, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান, আইডিইবি আহ্বায়ক ও শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার কবীর হোসেন, এশিয়ায়ান ইউনিভার্সিটি ট্রেজারার প্রফেসর ড. এস.এম ইকবাল হোসেন।এছাড়াও সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি লায়ন মহিউদ্দিন, এডভোকেট দেলোয়ার হোসেন, কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ কাজী বেল্লাল হোসেন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. মো. আবুল ফজল মেহেদী, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুস সালাম মাঝি এবং বাউফল উপজেলা যুবদল নেতা মৃধা তারেক রহমান প্রমুখ।
বক্তারা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সমাবেশে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

Posted ৭:২৯ পিএম | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ | Gano Barta


