

শাহ সাহিদ উদ্দিন : যে সকল থানা এলাকায় মাদক থাকবে, ওই এলাকার থানা থাকার প্রয়োজন নেই’—কুমিল্লায় মাদকবিরোধী অভিযান জোরদারের ঘোষণা দিয়ে এমন কঠোর বার্তা দিয়েছেন দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাহীন।
দেবিদ্বার থানার উদ্যোগে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত মাদকবিরোধী র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিনিয়র এএসপি মো. শাহীন বলেন, ডিআইজি মহোদয়ের নির্দেশে কুমিল্লার ১৮টি থানায় একযোগে মাদকবিরোধী র্যালি ও মাদক প্রতিরোধে সমাবেশ আয়োজন করা হয়েছে। আগামী ১৭ আগস্ট থেকে মাদকবিরোধী অভিযান আরও জোরদার ও অব্যাহত থাকবে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।
সমাবেশে বক্তব্য দেন দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম, ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন ভুলু পাঠান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, সাংবাদিক সৈয়দ খলিলুর রহমান বাবুল, ভিপি মাহফুজ সরকার, মো. সিয়াম ইসলামসহ আরও অনেকে।
বিশেষ অতিথির বক্তব্যে ইউএনও অশোক বিক্রম চাকমা বলেন, “মাদক নির্মূলে শুধু পুলিশ বা প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না। এর জন্য রাজনৈতিক সিদ্ধান্তের পাশাপাশি সমাজের সচেতন অভিভাবক, পিতা-মাতা ও সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
পরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Posted ৬:৩৫ অপরাহ্ণ | সোমবার, ১৭ আগস্ট ২০২৬
hacked by trenggalek6etar | Gano Barta


