

মোঃ ইখলাছুর রহমান : ঢাকার আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকায় প্রয়োজনীয় অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছাড়াই এলপিজি গ্যাসের ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। শিক্ষাপ্রতিষ্ঠানসংলগ্ন জনবহুল এলাকায় সিলিন্ডার মজুত ও বিক্রির পাশাপাশি মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার রাখার অভিযোগে বাড়ছে জননিরাপত্তার শঙ্কা।
সরেজমিনে দেখা যায়, গাজীরচট আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে/সংলগ্ন এলাকায় দোকানটিতে বিভিন্ন ব্র্যান্ডের এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে। দোকান মালিক মোঃ জামাল উদ্দীনের দাবি, তার একটি ট্রেড লাইসেন্স রয়েছে। তবে সেটি মুদি দোকানের জন্য করা হয়েছে বলে তিনি জানান এবং চাওয়া হলেও ট্রেড লাইসেন্সের কপি দেখাতে পারেননি।
এলপিজি বিক্রির ক্ষেত্রে প্রয়োজনীয় বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদন ও ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা সংক্রান্ত অনুমোদনের কোনো কাগজপত্রও তিনি দেখাতে পারেননি। একই সঙ্গে দোকানে থাকা কয়েকটি সিলিন্ডারের মেয়াদ নিয়েও প্রশ্ন রয়েছে; অভিযোগ রয়েছে, সেখানে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারও রাখা হয়েছে।
অন্যদিকে, দোকানে থাকা বেক্সিমকো ব্র্যান্ডের সিলিন্ডার সম্পর্কে মালিক দাবি করেন, এগুলো গাজীপুর থেকে সংগ্রহ করা হয়েছে। তবে এ দাবির পক্ষে কোনো চালান, ক্রয় রসিদ বা সরবরাহের প্রমাণ তিনি দেখাতে পারেননি। আশুলিয়ার সংশ্লিষ্ট বেক্সিমকো ডিলার পর্যায়েও এসব সিলিন্ডারের সরবরাহ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এভাবে এলপিজি সিলিন্ডার মজুত ও বিক্রি করা হলে দুর্ঘটনা ঘটলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। বিষয়টি ইতোমধ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে জানানো হয়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

Posted ৮:৪২ এএম | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ | Gano Barta


