

মো: মঈনুর রহমান পলিন : মাগুরা সদর উপজেলার কাশিনাথপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারী রয়েছেন। অভিযানে ৮ হাজার পিস ইয়াবার পাশাপাশি নগদ ৩ লাখ ৪৮ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। মাগুরা জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার (৫ অক্টোবর) রাত থেকে মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর পর্যন্ত পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাশিনাথপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন—কাশিনাথপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে শাহীন আলম (৪৬), একই এলাকার মৃত মোজাহার সিকদারের ছেলে ও শাহীন আলমের স্ত্রী সাথী খাতুন (৩৬) এবং নন্দলালপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে খালিদ হাসান (৩১)।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা সংঘবদ্ধভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অভিযানের সময় তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির অর্থ হিসেবে ৩ লাখ ৪৮ হাজার টাকা, ১৩৫ সিসির একটি ডিসকভার মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, শাহীন আলমের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ ছয়টি মামলা এবং সাথী খাতুনের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ। একই সঙ্গে মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Posted ৮:৫৮ এএম | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ | Gano Barta


