

মো: সুমন মিয়া শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: সাংবাদিকদের আইনি সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত স্বার্থ সুরক্ষা, ভুয়া সাংবাদিকতা প্রতিরোধ এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘গণমাধ্যম কর্মীদের কাজের সুরক্ষা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতকরণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতির আওতায় সরকারি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে আঞ্চলিক তথ্য অফিস এ সেমিনারের আয়োজন করে।
সৈয়দ আবদাল আহমদ বলেন, সাংবাদিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের সুপারিশ করা হয়েছে। ভুয়া সাংবাদিকতা ঠেকাতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে বিশেষ সেল গঠন করা হয়েছে এবং স্বাধীন ও জবাবদিহিমূলক কাঠামো তৈরির কাজ চলছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ভুয়া সাংবাদিকদের চিহ্নিত ও মোকাবিলা করা সহজ হবে।
বর্তমান সরকারকে সাংবাদিকবান্ধব উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
সিলেট আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হাসিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে শ্রীমঙ্গল প্রেসক্লাবের ২৫ জন গণমাধ্যমকর্মী অংশ নেন। এ সময় আঞ্চলিক তথ্য অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসীন ও মৌলভীবাজার জেলা তথ্য কর্মকর্তা উজ্জল সিং উপস্থিত ছিলেন। সেমিনার সঞ্চালনা করেন সিলেট তথ্য অফিসের তথ্য সহকারী মো. মাহমুদুল ইসলাম রাসেল।
সেমিনারে সাংবাদিকরা কর্মক্ষেত্রে হয়রানিমূলক মামলা, হুমকি ও পেশাগত নিরাপত্তাহীনতার বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ এবং মফস্বল সাংবাদিকদের সম্মানী না পাওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা।
সাংবাদিকদের অভিযোগের প্রেক্ষিতে সৈয়দ আবদাল আহমদ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা বিতরণে অনিয়মের বিষয়টিকে ‘ভুল’ বলে স্বীকার করেন। এ বিষয়ে জেলা তথ্য কর্মকর্তাকে আরও সচেতন থাকার পরামর্শ দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের ট্রাস্টের নির্ধারিত সেলে অভিযোগ জানিয়ে প্রতিকার চাওয়ার আহ্বান জানান।
হাসিনা আক্তার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, সাংবাদিকদের আইনি সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তথ্য অধিদপ্তর কাজ করছে। ভুয়া ও ফেসবুককেন্দ্রিক সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, মিথ্যা তথ্য ও ভুয়া ফটোকার্ড ব্যবহার করে গুজব ছড়ানো প্রতিরোধে সরকারের বিভিন্ন বিভাগ সমন্বিতভাবে কাজ করছে।
সেমিনারে শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সদস্য সচিব রুবেল আহমদ, দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি আবুজার বাবলা, দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি কাজী গোলাম কিবরিয়া জুয়েল, সাংবাদিক কাওছার ইকবাল, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান এবং আমজাদ হোসেন বাচ্চুসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Posted ৫:৫০ পিএম | রবিবার, ২২ নভেম্বর ২০২৬
দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ | Gano Barta


