

মোঃ ইখলাছুর রহমান : ঢাকার আশুলিয়ার ভাদাইলে পোশাক শ্রমিক শাহজাহানের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করেন।
শ্রমিক নেতাদের অভিযোগ, গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পোশাক শ্রমিক শাহজাহানকে তুলে নিয়ে মারধর করা হয়। চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. ইসরাফিল হোসেনের সমর্থক হওয়ায় শাহজাহানকে হামলার শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেন শ্রমিক নেতারা। এ ঘটনায় অপর চেয়ারম্যান পদপ্রার্থী গফুরের সমর্থকদের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগও ওঠে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
কর্মসূচিতে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি মো. ফরিদুল ইসলাম, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের ঢাকা জেলার সভাপতি মিজানুর রহমান মিজান, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের আশুলিয়া সভাপতি মনসুর আলী, বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া সভাপতি মাসুদ রানা সুলতানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজনৈতিক সমর্থনের কারণে কোনো শ্রমিককে হামলা বা হয়রানির শিকার হতে দেওয়া যায় না। শাহজাহানের ওপর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি মো. ফরিদুল ইসলাম বলেন, “আগামী ৭২ ঘণ্টার মধ্যে হামলার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সকল গার্মেন্টস শ্রমিককে সঙ্গে নিয়ে বৃহৎ আকারে কর্মসূচি দেওয়া হবে।”
তিনি আরও বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কোনো শ্রমিক রাজনৈতিক সমর্থনের কারণে হামলা-নির্যাতনের শিকার হলে তা মেনে নেওয়া হবে না।
শ্রমিক নেতারা শাহজাহানের ওপর হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বৃহৎ পরিসরে কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

Posted ১০:৫৯ পিএম | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ | Gano Barta


