আজ, Sunday


৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

বয়সকে হার মানিয়ে ৫৯-এ অনার্স পাস, বেলায়েত শেখের অনন্য দৃষ্টান্ত

রবিবার, ৩০ আগস্ট ২০২৬
বয়সকে হার মানিয়ে ৫৯-এ অনার্স পাস, বেলায়েত শেখের অনন্য দৃষ্টান্ত
সংবাদটি শেয়ার করুন....

মো. জনি হাসান : বয়স কখনোই যে শিক্ষার পথে বাধা হতে পারে না, তা আবারও প্রমাণ করলেন গাজীপুরের বেলায়েত শেখ। জীবনের নানা প্রতিকূলতা, পারিবারিক দায়িত্ব ও দীর্ঘ বিরতি পেরিয়ে ৫৯ বছর বয়সে সাংবাদিকতা, যোগাযোগ ও মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে অনার্স পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন তিনি। তার এই অর্জন এখন অনেকের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে।

জানা গেছে, জীবনের নানা ব্যস্ততা ও প্রতিকূলতার কারণে দীর্ঘদিন পড়াশোনা থেকে দূরে ছিলেন বেলায়েত শেখ। তবে মনের মধ্যে উচ্চশিক্ষার স্বপ্নটা কখনো হারিয়ে যায়নি। সেই স্বপ্ন পূরণের দৃঢ় সংকল্প নিয়ে ২০১৭ সালে ৫০ বছর বয়সে ঢাকার দারুল ইসলাম আলিম মাদ্রাসায় নবম শ্রেণিতে ভর্তি হন তিনি। বয়সের বাধাকে উপেক্ষা করে সেখান থেকেই শুরু করেন নতুন করে শিক্ষাজীবন।

পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে ২০১৯ সালে এসএসসি এবং ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন বেলায়েত শেখ। এরপর উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি।

পরবর্তীতে ২০২২ সালে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে সাংবাদিকতা, যোগাযোগ ও মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরও নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে তাকে। বয়সের ব্যবধানের পাশাপাশি পারিবারিক দায়িত্ব, আর্থিক সংকট এবং পড়াশোনার চাপ সামলেও নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশ নেন তিনি। শেষ পর্যন্ত দীর্ঘ পরিশ্রমের ফল হিসেবে অনার্স পরীক্ষায় সফলতা অর্জন করেন।

অনার্স পাসের অনুভূতি প্রকাশ করে বেলায়েত শেখ বলেন, শিক্ষার কোনো বয়স নেই। জীবনে যত বাধাই আসুক, ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে স্বপ্ন পূরণ করা সম্ভব। যারা বয়সের কারণে পড়াশোনা থেকে দূরে আছেন, তাদের প্রতি আমার আহ্বান সুযোগ পেলেই আবার পড়াশোনায় ফিরে আসুন।
তার এই সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার অর্জন নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

৫৯ বছর বয়সে অনার্স পাসের মাধ্যমে বেলায়েত শেখ শুধু নিজের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেননি; বরং সমাজের মানুষের সামনে তুলে ধরেছেন একটি গুরুত্বপূর্ণ বার্তা শেখার কোনো নির্দিষ্ট বয়স নেই। ইচ্ছাশক্তি, পরিশ্রম ও অধ্যবসায় থাকলে জীবনের যেকোনো পর্যায় থেকেই নতুন করে স্বপ্নের পথে এগিয়ে যাওয়া সম্ভব।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪৪ অপরাহ্ণ | রবিবার, ৩০ আগস্ট ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com