

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের বন্দরে ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ পোশাকশ্রমিক খোকন সরকার (৫৪) ও তাঁর স্ত্রী ফজিলত বেগমের (৪০) মৃত্যু হয়েছে। স্বামীর দাফনের মাত্র ছয় ঘণ্টার মাথায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফজিলত। বুধবার বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফজিলত বেগমের মৃত্যু হয়। এর আগে একই দিন সকালে কুমিল্লার দেবিদ্বারে গ্রামের বাড়িতে স্বামী খোকন সরকারের মরদেহ দাফন করা হয়।
খোকন সরকার কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১০ নম্বর গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের উজানীকান্দি গ্রামের মরহুম আব্দুল গয়ফুরের দ্বিতীয় ছেলে। তাঁর স্ত্রী ফজিলত বেগম পাশের উজানীজোড়া গ্রামের নানু মিয়া খন্দকারের মেয়ে।
খোকন ও ফজিলত দম্পতি নারায়ণগঞ্জের মদনপুর এলাকার জাহীন গার্মেন্টসে পোশাকশ্রমিক হিসেবে কাজ করতেন। তাঁদের দুই সন্তান—ইউসুফ সরকার (২০) ও খাদিজা আক্তার (১৮)। ঘটনার সময় তাঁরা গ্রামের বাড়িতে ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের বন্দর থানার মুরাদপুর এলাকার একটি ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে খোকন ও ফজিলত গুরুতর দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
হাসপাতালের আইসিইউতে চার দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মারা যান খোকন সরকার। বুধবার সকালে তাঁর মরদেহ দেবিদ্বারের উজানীকান্দি গ্রামের বাড়িতে নেওয়া হয়। বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
স্বামীর দাফন শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আসে ফজিলতের মৃত্যুর খবর। বুধবার বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্বামীকে দাফনের পর স্ত্রীও চলে যাওয়ায় পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর এমন করুণ মৃত্যুতে উজানীকান্দি ও উজানীজোড়া গ্রামে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ফজিলত বেগমের জানাজা অনুষ্ঠিত হবে। পরে স্বামী খোকন সরকারের কবরের পাশেই তাঁকে দাফন করার কথা রয়েছে।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, “অগ্নিকাণ্ডে দেবিদ্বারের দুই পোশাকশ্রমিকের মৃত্যুর খবরটি অত্যন্ত মর্মান্তিক। এই কঠিন সময়ে অসহায় পরিবারটির পাশে উপজেলা প্রশাসন থাকবে। তাঁদের সরকারি আর্থিক সহায়তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Posted ১০:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
দৈনিক গণবার্তা | Gano Barta


