

আল আমীন : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা গ্রামে মাদকের বিস্তার নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার লক্ষ্যে সোমবার রাতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান প্রার্থী আরিফ হোসেনের উদ্যোগে আয়োজিত এ সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, মাদকের কারণে এলাকার সামাজিক পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে। বিশেষ করে তরুণদের একটি অংশ মাদকের সঙ্গে জড়িয়ে পড়ায় পরিবারগুলো চরম উদ্বেগের মধ্যে রয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, এলাকার কিছু ব্যক্তির মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের কারণে পুরো এলাকার সুনাম ক্ষুণ্ন হচ্ছে। এমনকি অনেক পরিবার এখন এ এলাকায় মেয়ের বিয়ে দিতে অনাগ্রহী। মাদকের নেতিবাচক প্রভাব সামাজিক সম্পর্ক, পারিবারিক বন্ধন এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপরও পড়ছে। বক্তারা বলেন, “মাদক শুধু একজন ব্যক্তি বা একটি পরিবারকে নয়, পুরো সমাজ ও জাতিকে ধ্বংস করে দেয়। মাদকের ছোবলে নষ্ট হচ্ছে তরুণ প্রজন্ম, বৃদ্ধি পাচ্ছে অপরাধপ্রবণতা এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে সামাজিক মূল্যবোধ। তাই মাদকের বিরুদ্ধে এখনই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
সভায় চেয়ারম্যান প্রার্থী আরিফ হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য সমাজ গড়তে হলে মাদক নির্মূলের বিকল্প নেই। এলাকার মানুষকে সঙ্গে নিয়েই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।”
দীর্ঘ আলোচনা শেষে সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে—মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি, মাদক কারবারিদের সামাজিকভাবে প্রতিরোধ করা, আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করা এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে নিয়মিত প্রচার কার্যক্রম পরিচালনা করা। সভায় উপস্থিত এলাকাবাসী মাদকমুক্ত দাওধারা গ্রাম ও মাদকমুক্ত নয়াবিল ইউনিয়ন গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি মাদকের বিরুদ্ধে চলমান সামাজিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের প্রত্যয়ও ব্যক্ত করেন। সভা শেষে আরিফ হোসেন বলেন, “এলাকার উন্নয়ন, শান্তি ও সামাজিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মাদকের বিরুদ্ধে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। জনগণকে সঙ্গে নিয়েই একটি মাদকমুক্ত নয়াবিল ইউনিয়ন গড়ে তোলা হবে।”

Posted ৯:৫১ অপরাহ্ণ | বুধবার, ১০ জুন ২০২৬
hacked by trenggalek6etar | Gano Barta


