আজ, Wednesday

শিরোনাম
শিরোনাম

রায়গঞ্জে গ্রামীণ ব্যাংক নিমগাছী শাখায় অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
রায়গঞ্জে গ্রামীণ ব্যাংক নিমগাছী শাখায় অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা
সংবাদটি শেয়ার করুন....

শাহিন হোসেন (চলনবিল) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রামীণ ব্যাংকের নিমগাছী আঞ্চলিক শাখার ব্যবস্থাপক আব্দুস সালাম (৫০) বিষাক্ত ট্যাবলেট সেবনে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। অডিট কর্মকর্তাদের অতিরিক্ত চাপ ও গালাগালের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে দাবি করেছেন তার সহকর্মীরা। এ ঘটনায় অভিযুক্ত তিন কর্মকর্তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত আব্দুস সালাম পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার  বাসিন্দা ছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে নিমগাছি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহতের সহকর্মী শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার (৬ অক্টোবর)গ্রামীণ ব্যাংকের নিমগাছী আঞ্চলিক শাখায় অডিট করতে আসেন কর্মকর্তা জুলফিকার আলী, শাহজাহান হোসেন ও নাজিরুল ইসলাম। এ সময় তারা বিভিন্ন বিষয়ে শাখা ব্যবস্থাপক আব্দুস সালামকে চাপ দেন এবং গালাগাল করেন বলে অভিযোগ ওঠে।

একপর্যায়ে আব্দুস সালাম অফিস থেকে বের হয়ে তার ভাড়া বাসায় চলে যান। পরে বিকেলে দিকে তিনি আবার অফিসে ফিরে এসে পায়চারি করতে থাকেন। তার এমন অবস্থা দেখে সহকর্মী শফিকুল ইসলাম কারণ জানতে চাইলে তিনি বলেন, “আমার শরীর খারাপ লাগছে। কাল থেকে আর আমার অফিস করা হবে না। কোনো ভুল করে থাকলে আমাকে মাফ করে দিয়েন।”

এ সময় সহকর্মী শফিকুল ইসলাম তাকে চিন্তা না করে ধৈর্য ধরার পরামর্শ দেন।

পরে আব্দুস সালাম অফিসের বিশ্রামকক্ষে গিয়ে জামা খুলে শুয়ে পড়েন। কয়েকজন সহকর্মী তার কাছে গেলে তিনি বলেন, “ওরা আমাকে বাঁচতে দিল না, ওরা আমাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে।”

এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে সহকর্মীরা স্থানীয় এক পল্লিচিকিৎসককে খবর দেন। এ সময় আব্দুস সালাম জানান, তিনি দুটি বিষাক্ত ট্যাবলেট সেবন করেছেন। পরে তাকে দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাদের অভিযোগ, অডিট কর্মকর্তাদের অতিরিক্ত চাপের কারণেই আব্দুস সালাম আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত কর্মকর্তাদের গ্রামীণ ব্যাংকের কার্যালয় থেকে বের হতে বাধা দেন।

পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে উপস্থিত হন সোনাখাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল জাব্বার মিয়া, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মন্ডল, উপজেলা শ্রমিক দলের সভাপতি প্রবীন কুমার গুন এবং ব্যবসায়ী জাহেদুল ইসলাম বাবলু। পরে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে রায়গঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত তিন অডিট কর্মকর্তাকে পুলিশ হেফাজতে থানায় নিয়ে যায়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, ‘খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অডিট কমিটির তিন সদস্যকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে আব্দুস সালামের মৃত্যুর প্রকৃত কারণ এবং অডিট কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৭ পিএম | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com