

স্টাফ রিপোর্টার : বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬৪৭ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে। বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের সভাকক্ষে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এ বাজেট উপস্থাপন করেন।
বাজেট উপস্থাপনকালে তিনি বলেন, নগরবাসীকে উন্নত নাগরিক সেবা নিশ্চিত করা, অবকাঠামো উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার সম্প্রসারণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, নিরাপদ পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং পরিবেশবান্ধব নগর গড়ে তোলার লক্ষ্যকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বাজেটে নিজস্ব রাজস্ব আয় বৃদ্ধি, চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে নগরবাসীর জীবনমান উন্নয়নের পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারের অনুদান, উন্নয়ন সহযোগী সংস্থার সহায়তা এবং সিটি করপোরেশনের নিজস্ব আয়ের সমন্বয়ে বাজেট বাস্তবায়ন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বাজেট ঘোষণার অনুষ্ঠানে সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Posted ৮:২০ পিএম | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ | Gano Barta


