

এম, শাহজাহান : শেরপুরের ঝিনাইগাতীতে বনবিভাগের উদ্ধারকৃত ৫ একর বনের জমি ফের বেদখলের অভিযোগ উঠেছে।এনিয়ে এলাকার সচেতন মহলের মধ্যে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জানা গেছে গত ১৪ জুলাই মধুটিলা ফরেস্ট রেঞ্জের অধীনে ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া মৌজায় সিএস ১৮ নং দাগের ৫ একর বনের জমি দখলদারদের হাত থেকে উদ্ধার করে বন বিভাগ।
উদ্ধারকৃত জমিতে সাইন বোর্ড টানিয়ে দেন বনবিভাগ। কিন্তু শুক্রবার ২৪ জুলাই জবরদখলদাররা টানানো সাইনবোর্ড সরিয়ে ফেলে উদ্ধারকৃত জমি ফের দখল করে নিয়েছে। শুরু করেছে পুনরায় চাষাবাদ।
অজ্ঞাত কারণে বনবিভাগ নিরব ভূমিকা পালন করে আসছে। জানাগেছে, শেরপুর সীমান্তে বন বিভাগের ২১ হাজার একর বনভুমি রয়েছে। তার মধ্যে বনবিভাগের হিসাব মতে এক হাজার একর জমি বেদখল রয়েছে। তবে বেসরকারি হিসাবে দিগুণ হবে। বনের বেদলীয় জমি উদ্ধারের উদ্যোগ নেই বললেই চলে। ফলে দিনে দিনে বনের জমি সংকুচিত হয়ে আসছে। বন বিভাগ সুত্রে জানা গেছে, বনের জমি উদ্ধারের বিষয়ে রাজনৈতিক প্রভাবমুক্ত না হলে বেদখলী বনের জমি উদ্ধার সম্ভব না।
রাংটিয়া ফরেস্ট রেঞ্জে কর্মরত সহকারি বন সংরক্ষক এসবি তানভির আহম্মেদ ইমনের সাথে স্থানীয় এক সাংবাদিকের কথা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, আপনি এমপি সাহেবের সাথে কথা বলেন। ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজি মো,নুরুল করিমের সঙ্গে কথা হলে বিষয়টি জানেন না বলে জানান। তিনি মধুটিলা রেঞ্জ কর্মকর্তার সাথে কথা বলার জন্য বলেন। তবে মধুটিলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো,দেওয়ান আলীর সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

Posted ৬:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
দৈনিক গণবার্তা | Gano Barta


