

আশরাফুল সরদার : কর্মদক্ষতা, সততা, মানবিকতা ও জনবান্ধব প্রশাসনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে অল্প সময়ের মধ্যেই নাটোরের সিংড়া উপজেলার সর্বস্তরের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিরলসভাবে কাজ করে তিনি ইতোমধ্যেই একজন দায়িত্বশীল, সেবাপরায়ণ ও মানবিক প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন।
২০২৫ সালের ২ ডিসেম্বর সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিসিএস ৩৭তম ব্যাচের এই কর্মকর্তা। দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসনিক কার্যক্রমে গতি আনার পাশাপাশি,সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ নিয়মিত পরিদর্শন করে গুণগত মান নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখছেন।
শিক্ষা প্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শনের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধিতে কাজ করছেন। ভূমি সেবা সহজীকরণ এবং ভূমি সংক্রান্ত জটিলতা দ্রুত নিষ্পত্তিতে আন্তরিক ভূমিকা পালন করছেন। মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং এবং সামাজিক অপরাধ প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করছেন।
খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিতর্ক ও যুব উন্নয়নমূলক কার্যক্রমে পৃষ্ঠপোষকতা দিয়ে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে উৎসাহিত করছেন।
অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়ে সরকারি সহায়তা যথাসময়ে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। পরিষ্কার-পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণে বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করছেন। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সঙ্গে সমন্বয় করে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিচ্ছেন।
জানা গেছে, সিংড়ায় যোগদানের আগে তিনি সিরাজগঞ্জ সদর উপজেলা এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের প্রতিটি পর্যায়েই সততা, দক্ষতা, স্বচ্ছতা ও জনসেবামূলক মনোভাবের কারণে তিনি সংশ্লিষ্ট এলাকার মানুষের প্রশংসা অর্জন করেন।
স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সচেতন নাগরিকদের মতে, নাটোর জেলার বৃহত্তম উপজেলা সিংড়ার বিস্তৃত প্রশাসনিক কার্যক্রম অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে পরিচালনা করছেন ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। তিনি নিয়মিত মাঠপর্যায়ে উপস্থিত থেকে সরকারি উন্নয়ন প্রকল্প তদারকি, ভূমি সেবা সহজীকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন এবং বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করছেন।
বিশেষ করে তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা ও বিভিন্ন সামাজিক উদ্যোগে তার সরাসরি সম্পৃক্ততা স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ক্রীড়াবান্ধব ও তরুণপ্রজন্মের অভিভাবকসুলভ একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তিনি ইতোমধ্যেই সর্বমহলে প্রশংসিত হয়েছেন।
এ বিষয়ে একাধিক ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা বলেন, “ইউএনও স্যার সবসময় মানুষের পাশে থাকেন। অফিসের ব্যস্ততার মাঝেও তিনি মাঠে গিয়ে উন্নয়ন কর্মকাণ্ড তদারকি করেন, মানুষের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেন। একজন মানবিক ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে তিনি সবার কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন।”
বিশেষ করে কাজের চাপের মাঝেও উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানে তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক প্রশাসনের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করেছে। দায়িত্বশীল নেতৃত্ব, সেবামুখী মনোভাব এবং উন্নয়নবান্ধব কর্মকাণ্ডের কারণে তিনি ইতোমধ্যেই সিংড়াবাসীর হৃদয়ে একটি বিশেষ স্থান করে নিয়েছেন।
স্থানীয়দের প্রত্যাশা, একই নিষ্ঠা, সততা ও মানবিকতা নিয়ে দায়িত্ব পালন অব্যাহত রাখলে সিংড়া উপজেলার সার্বিক উন্নয়ন এবং জনসেবার মান আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি নাটোর-৩ (সিংড়া) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনু-এর উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগ সিংড়াকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Posted ৫:৫২ অপরাহ্ণ | সোমবার, ২৭ জুলাই ২০২৬
দৈনিক গণবার্তা | Gano Barta


