

সোমবার (১৬ নভেম্বর) উপজেলার র্যানার স্কুল অ্যান্ড কলেজ মাঠে হরিণছড়া আলুবাড়ি গারো পল্লীর নারী ফুটবল দলের সদস্যদের নিয়ে একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। খেলা শেষে কিশোরীদের চাহিদা অনুযায়ী ফুটবল বুট, জার্সি, প্যান্ট ও মোজা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মিনহাজুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা সাইফুল ইসলাম, র্যানার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মো. মোবারক হোসেন লুপ্পা এবং কমিটির সদস্য ও স্থানীয় ক্রীড়াবিদ মীর মো. কালাম আহমেদ।
দীর্ঘদিন পর প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কিশোরী ফুটবলাররা। নতুন সরঞ্জাম পেয়ে তাদের মধ্যে অনুশীলন ও খেলাধুলা নিয়ে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হরিণছড়া, খেজুরীছড়া, ডিনস্টন চা-বাগানসহ আশপাশের এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চা-শ্রমিক পরিবারের কিশোরীদের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ রয়েছে। তারা উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের প্রতিভার পরিচয় দিয়েছে। তবে প্রয়োজনীয় সরঞ্জাম ও আর্থিক সংকটের কারণে তাদের নিয়মিত অনুশীলন ব্যাহত হচ্ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের সহযোগিতায় এগিয়ে আসে উপজেলা প্রশাসন।
এর আগে সাতগাঁও চা-বাগান ও আশপাশের এলাকার প্রায় ৬০ জন তরুণ-তরুণীকে ক্রীড়াসামগ্রী দেওয়া এবং মাঠে গোলবার স্থাপনের উদ্যোগ নিয়েছিল প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, ‘কিশোরীদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি তাদের শিক্ষাজীবন নিশ্চিত করতে প্রশাসন এই উদ্যোগ নিয়েছে। আর্থিক ও অন্যান্য কারণে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া পাঁচ কিশোরীকে বিদ্যালয়ে ফিরিয়ে নিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘খেলাধুলা শুধু বিনোদনের বিষয় নয়; এটি শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও আত্মবিশ্বাস গড়ে তোলার পাশাপাশি সুস্থ সমাজ নির্মাণেও ভূমিকা রাখে। খুব শিগগিরই কিশোরীদের নিয়মিত অনুশীলনের জন্য একটি স্থায়ী খেলার মাঠের ব্যবস্থা করা হবে। খেলাধুলার সুযোগ বাড়লে তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখাও সম্ভব হবে

Posted ৬:২১ পিএম | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ | Gano Barta


