

ফয়সাল আহমেদ, রিপোর্টার কুমিল্লা : বিজ্ঞান, প্রযুক্তি ও রোবোটিক্সের বৈশ্বিক আসরে লাল-সবুজের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার তিন শিক্ষার্থী। জাতীয় পর্যায়ের একাধিক প্রতিযোগিতায় সাফল্যের পর ইন্দোনেশিয়া, তুরস্ক ও ইতালিতে অনুষ্ঠিতব্য তিনটি আন্তর্জাতিক বিজ্ঞান আসরে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন তারা। আলিম দ্বিতীয় বর্ষের এই তিন শিক্ষার্থী হলেন— তা’মীরুল মিল্লাত বিজ্ঞান ক্লাবের (টঙ্গী শাখা) সভাপতি জুনাইদ আহমদ, তাহমিদ সিদ্দিকী এবং শেখ রাবিন।
আগামী ১০ থেকে ১৩ ডিসেম্বর ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড ইনভেনশন অ্যান্ড সায়েন্স প্রজেক্ট অলিম্পিয়াড (ডব্লিউআইএসপিও) ২০২৬’-এর চূড়ান্ত পর্বে অংশ নেবেন তারা। এ ছাড়া তুরস্কের একটি আন্তর্জাতিক বিজ্ঞান আসরে আমন্ত্রণ পাওয়ার পাশাপাশি ইতালিতে অনুষ্ঠিতব্য বৈশ্বিক পর্বেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হয়েছে তাদের সামনে।
এর আগে ‘ফিবোনাচ্চি ইন্টারন্যাশনাল রোবোটিক্স অ্যান্ড সায়েন্স অলিম্পিয়াড ২০২৬’-এর জাতীয় পর্বে চতুর্থ স্থান অর্জন করে আলোচনায় আসে দলটি। সবশেষ গত ১৯ নভেম্বর রাজধানীর রাশিয়ান হাউসে ‘আটলান্টিয়া ইন্টারন্যাশনাল স্টেম (STEM) অলিম্পিয়াড–বাংলাদেশ ন্যাশনাল রাউন্ড ২০২৬’ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন তারা।
বিশ্বমঞ্চে দেশের পতাকা তুলে ধরার সুযোগ পাওয়াকে বড় স্বপ্নপূরণ হিসেবে দেখছেন তা’মীরুল মিল্লাত বিজ্ঞান ক্লাবের (টঙ্গী শাখা) সভাপতি জুনাইদ আহমদ। তবে আন্তর্জাতিক এই যাত্রায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিপুল আর্থিক ব্যয়। জুনাইদ জানান, বিমানের টিকিট, নিবন্ধন ফি এবং বিদেশে থাকা-খাওয়ার খরচ বহন করা তাদের জন্য অত্যন্ত কঠিন। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে দুশ্চিন্তামুক্ত হয়ে বিশ্বমঞ্চে সেরাটা উপহার দিতে পারবেন বলে আশাবাদী তিনি।
মাদ্রাসা শিক্ষার্থী হয়েও বিজ্ঞানচর্চার পথচলায় নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন শেখ রাবিন। তিনি জানান, প্রাতিষ্ঠানিক পড়াশোনার চাপ সামলে গবেষণা ও প্রজেক্টের জন্য সময় বের করা এবং পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব তাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয় কখনোই মেধা ও সম্ভাবনার সীমা নির্ধারণ করে না উল্লেখ করে তিনি বলেন, মাদ্রাসায় পড়াশোনা করেও আন্তর্জাতিক অঙ্গনে বিজ্ঞান ও প্রযুক্তিতে নিজেদের যোগ্যতা প্রমাণ করা সম্ভব।
অন্যদিকে, বিশ্বদরবারে নিজেদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তাহমিদ সিদ্দিকী ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও বড় পরিসরে কাজ করার স্বপ্নের কথা জানান।
শিক্ষার্থীদের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর ভিপি মঈনুল ইসলাম। তিনি বলেন, এই অর্জন শুধু তা’মীরুল মিল্লাত নয়, পুরো মাদ্রাসা শিক্ষা অঙ্গনের জন্য গর্বের। শিক্ষার্থীদের কার্যক্রমে আর্থিক ও সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে তিনি আশা প্রকাশ করেন, এই তরুণেরা আগামী দিনে ইবনে সিনা ও খাওয়ারিজমির মতো বিশ্বসেরা বিজ্ঞানী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, কেবল অর্থের অভাবে যেন এই মেধাবী শিক্ষার্থীরা আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণ থেকে বঞ্চিত না হয়, সেজন্য শিক্ষাপ্রতিষ্ঠান, বিত্তশালী ব্যক্তি ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসা জরুরি। রোবোটিক্স ও বিজ্ঞানের বৈশ্বিক প্রতিযোগিতায় মাদ্রাসা শিক্ষার্থীদের এই অগ্রযাত্রা দেশের তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণাদায়ী দৃষ্টান্ত হয়ে থাকবে।

Posted ৫:৩৯ পিএম | রবিবার, ২২ নভেম্বর ২০২৬
দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ | Gano Barta


