
মোঃ জনি হাসান, মহানগর প্রতিনিধি,গাজীপুর: অপরাধ দমনে ধারাবাহিক অভিযান জোরদার করেছে গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী পূর্ব থানা। গত ৪০ দিনে বিভিন্ন মামলায় ৪১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ছিনতাই মামলায় ৫৮ জন, মাদক মামলায় ৩৬ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ১৪২ জন এবং অন্যান্য মামলায় ১৮৩ জন রয়েছেন।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুল আলমের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে বিভিন্ন ধরনের মাদক ও দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, এ সময় ৫৭২ পিস ইয়াবা ট্যাবলেট, প্রায় ১৮ কেজি গাঁজা, ২২ গ্রাম হেরোইন ও ১৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ছাড়া বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, টঙ্গী পূর্ব থানা এলাকায় ছিনতাই, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টহল, নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ নজরদারির পাশাপাশি বিভিন্ন মামলার আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৪০ দিনে গ্রেপ্তার হওয়া ৪১৯ জনের মধ্যে ছিনতাই মামলার ৫৮ জন, মাদক মামলার ৩৬ জন, বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৪২ জন এবং অন্যান্য মামলার ১৮৩ জন রয়েছেন। এসব অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য ও অস্ত্রের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ওসি মাকছুদুল আলম বলেন, অপরাধী যতই প্রভাবশালী হোক, অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই। অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। ছিনতাই ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, পুলিশের অভিযানের কারণে অনেক অপরাধী আত্মগোপনে চলে গেছে। তবে আত্মগোপনে থেকেও কেউ রেহাই পাবে না। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
পুলিশের দাবি, ঘনবসতিপূর্ণ ও শিল্পাঞ্চল হিসেবে পরিচিত টঙ্গী এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও বাড়ানো হয়েছে। বিশেষ করে ছিনতাই ও মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি অপরাধসংক্রান্ত তথ্য পুলিশকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে থানা পুলিশ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে টঙ্গী পূর্ব থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।