

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র বিমোচনসহ সামষ্টিক অর্থনৈতিক উন্নয়নে উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে ৩ হাজার কোটি টাকার পুন:অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিলের আওতায় ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে এনআরবিসি ব্যাংক। সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সভাকক্ষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহামদ্দের উপস্থিতিতে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ-২-এর পরিচালক একেএম সাইদুজ্জামান এবং এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান, এনআরবিসি ব্যাংকের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মীর মো. আব্বাস আলীসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ-২-এর উদ্যোগে গঠিত এ তহবিলের মাধ্যমে রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোতে কৃষি উৎপাদন, কৃষিপণ্য সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ, কৃষিভিত্তিক শিল্প এবং রপ্তানি খাতে অর্থায়নের সুযোগ তৈরি হবে। এ কর্মসূচির আওতায় কৃষক, কৃষিভিত্তিক উদ্যোক্তা এবং কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) উদ্যোক্তাদের অর্থায়নে বিশেষ গুরুত্ব দেবে এনআরবিসি ব্যাংক। কৃষক ও উদ্যোক্তাগণ সর্বোচ্চ ৯ শতাংশ সুদে সর্বোচ্চ ৩৬ মাস মেয়াদে এই ঋণ নিতে পারবেন।
তহবিলের অর্থের ১৫ শতাংশ কৃষি উৎপাদন, ৩৫ শতাংশ কৃষিপণ্য সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ ও অবকাঠামো উন্নয়ন, ৩৫ শতাংশ কৃষিজাত পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এবং ১৫ শতাংশ কৃষিপণ্য রপ্তানি খাতে বিতরণ করতে হবে। কৃষি উৎপাদনে একজন গ্রাহক সর্বোচ্চ ৩০ লাখ টাকা, সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ, অবকাঠামো উন্নয়ন এবং প্রক্রিয়াজাতকরণে সর্বোচ্চ ৪০ কোটি টাকা এবং কৃষিপণ্য রপ্তানি খাতে সর্বোচ্চ ১৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়ন পেতে পারেন। এ উদ্যোগের ফলে উত্তরবঙ্গে কৃষিপণ্যের উৎপাদন থেকে সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও রপ্তানি পর্যন্ত পুরো প্রক্রিয়ায় অর্থায়নের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে কৃষিভিত্তিক শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, কৃষকের আয় বৃদ্ধি এবং উত্তরাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর পথ আরও সুগম হবে।
কৃষি ও পল্লী অর্থনীতির উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং উদ্যোক্তা উন্নয়নে ব্যাংকটি ধারাবাহিকভাবে কাজ করছে এনআরবিসি ব্যাংক। নতুন এ চুক্তির মাধ্যমে উত্তরাঞ্চলের কৃষক ও কৃষিভিত্তিক উদ্যোক্তাদের কাছে সহজতর অর্থায়ন পৌঁছে দিয়ে অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন কার্যক্রম আরো সম্প্রসারিত করা হবে।

Posted ১০:৫৪ অপরাহ্ণ | সোমবার, ৩১ আগস্ট ২০২৬
দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ | Gano Barta


