

স্টাফ রিপোর্টার : কুমিল্লা দেবিদ্বারে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে দেবিদ্বার থানা পুলিশ। এ সময় ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এসআই (নিঃ) অপু বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল গোপালনগর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. রাসেল (৩০)কে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, এসআই (নিঃ) পাভেল মল্লিকের নেতৃত্বে বরকামতা এলাকায় অভিযান চালিয়ে মো. শরীফ (২২) ও রমজান আলীকে গ্রেপ্তার করা হয়। মাদক সেবনের দায়ে মোবাইল কোর্ট তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এসআই (নিঃ) তানভীর হাসানের নেতৃত্বে কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে বিল্লাল (২২) ও মো. নাহিদ (১৮)কে গ্রেপ্তার করা হয়। মাদক সেবনের দায়ে মোবাইল কোর্ট বিল্লালকে ১৫ দিন এবং নাহিদকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
অন্যদিকে, এএসআই (নিঃ) শাহাদাত হোসেনের নেতৃত্বে ভিংলাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম (১৮)কে গ্রেপ্তার করা হয়। পরে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্ট তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এএসআই (নিঃ) বাকের হোসেনের নেতৃত্বে গোপালনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে মো. জাবেদ (৩৬)কে গ্রেপ্তার করা হয়। তাকে সামারি ট্রায়ালের জন্য প্রতিবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া গুনাইঘর (উত্তর) ও ফতেহাবাদ ইউনিয়নে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে অবৈধ মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মো. আরাফাত (২৫), নাহিদ (১৮) ও বিল্লাল (২২)কে যথাক্রমে ৬০, ৩০ ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে গ্রেপ্তার ও দণ্ডপ্রাপ্তদের মধ্যে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার, দেবিদ্বার সার্কেল মোহাম্মদ শাহীন বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। দেবিদ্বারে হয় মাদক থাকবে, না হয় আমরা থাকব। মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ও ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

Posted ৭:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ | Gano Barta


