

মোঃ খোয়াজ উদ্দিন : রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, র্যালি ও পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় সালথা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন, এর সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.বাবুলুর রহমান খান এবং মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান প্রধান।
আলোচনা সভায় মৎস্য চাষে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার সফল তিন মৎস্য চাষী- তপন বিশ্বাস,গোপাল মালো,এবং খাদিজা বেগমকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশ নিয়ে স্থানীয় প্রান্তিক মৎস্য চাষীরা কুমার নদী, বিভিন্ন খাল – বিল ও অভয়শ্রম থেকে বিষ প্রয়োগ ও ইলেকট্রিক শক দিয়ে চায়না দুয়ারী এবং কারেন্ট জাল দিয়ে বেআইনিভাবে মাছ শিকার বন্ধের জোর দাবি জানান। একই সাথে বহিরাগতদের দ্বারা বড় জাল ব্যবহার করে মাছ ধরা রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রার্থনা করেন তারা।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সালথা উপজেলা বিএনপির (সাবেক) সভাপতি, সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, মোঃ আছাদুজাম্মান আছাদ মাতুব্বর, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রান্তিক মৎস্য চাষী, সাংবাদিক ও মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ৩০০জন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শুরুতে একটি র্যালি বের করা হয় এবং উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।

Posted ৬:৫২ অপরাহ্ণ | রবিবার, ১৬ আগস্ট ২০২৬
দৈনিক গণবার্তা | Gano Barta


