

মহিবুল ইসলাম সৌরভ : বরিশালের বাকেরগঞ্জের বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম এস. এম. জুবায়ের আলম পারভেজের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগস্ট ২০২৬ রোজ বুধবার সকাল ১০টায় বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ এবং কাঞ্চন শিকদার বিদ্যানিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মরহুম এস. এম. জুবায়ের আলম পারভেজের কর্মময় জীবন, শিক্ষা বিস্তারে তাঁর অবদান, মানবিক গুণাবলি এবং সমাজের উন্নয়নে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, পরিবারের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, অধ্যক্ষ মরহুম এস. এম. জুবায়ের আলম পারভেজ ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী। শিক্ষা বিস্তার এবং একটি আদর্শ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে তাঁর অবদান এলাকাবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজও তাঁর স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
অনুষ্ঠানে মরহুমের বড় ভাই এ এস এম জুলফিকার আলী হায়দার উপস্থিত ছিলেন। এছাড়া তাঁর স্ত্রী, কন্যা ও অন্যান্য সন্তানসহ পরিবারের সদস্যরা, এলাকার সর্বস্তরের মানুষ, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা মরহুম এস. এম. জুবায়ের আলম পারভেজের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন। পরে মরহুমের আত্মার মাগফিরাত, শান্তি ও জান্নাতুল ফেরদৌস কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, পরিবারের সদস্য, আমন্ত্রিত অতিথি ও এলাকাবাসী অংশ নেন। শিক্ষা ও মানবকল্যাণে মরহুম এস. এম. জুবায়ের আলম পারভেজের অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত বক্তারা।

Posted ৫:০৪ অপরাহ্ণ | বুধবার, ২৬ আগস্ট ২০২৬
দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ | Gano Barta


