আজ, Sunday


২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

পঞ্চগড়ে স্বাস্থ্যসেবায় চরম সংকট, ১৭৪ চিকিৎসকের পদ শূন্য

রবিবার, ২৩ আগস্ট ২০২৬
পঞ্চগড়ে স্বাস্থ্যসেবায় চরম সংকট, ১৭৪ চিকিৎসকের পদ শূন্য
সংবাদটি শেয়ার করুন....

মেহেদী হাসান সেতু : পঞ্চগড়ের সরকারি স্বাস্থ্যসেবায় চিকিৎসক সংকট ভয়াবহ রূপ নিয়েছে। জেলার সিভিল সার্জন কার্যালয়, আধুনিক সদর হাসপাতাল ও পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২৪৬টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৭২ জন। অর্থাৎ ১৭৪টি পদই শূন্য। তবে কর্মরত চিকিৎসকদের মধ্যেও ৮ জন বর্তমানে অনুপস্থিত থাকায় বাস্তবে সেবা দিচ্ছেন মাত্র ৬৪ জন।

চিকিৎসক সংকটের সবচেয়ে বড় প্রভাব পড়েছে বিশেষায়িত চিকিৎসাসেবায়। মেডিসিন, অর্থোপেডিকস, নাক-কান-গলা, চক্ষু ও গাইনি, এই পাঁচ গুরুত্বপূর্ণ বিভাগে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই। ফলে জটিল রোগে আক্রান্তদের উন্নত চিকিৎসার জন্য রংপুর, ঠাকুরগাঁও ও দিনাজপুরে ছুটতে হচ্ছে। এতে রোগীদের বাড়ছে চিকিৎসা ব্যয়, নষ্ট হচ্ছে সময় এবং বাড়ছে দুর্ভোগ। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, শূন্য ১৭৪টি পদের মধ্যে সিনিয়র কনসালট্যান্টের ৪টি, জুনিয়র কনসালট্যান্টের ৪৮টি এবং মেডিকেল অফিসার/সহকারী সার্জনের ১২১টি পদ খালি রয়েছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের পরিস্থিতিও নাজুক। ৬৩টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১৯ জন; শূন্য রয়েছে ৪৪টি পদ। এর মধ্যে দুই চিকিৎসক কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলছে। একজন ২০২৫ সালের ১২ মার্চ থেকে এবং অন্যজন প্রায় দেড় বছর ধরে কর্মস্থলে নেই।
এ ছাড়া একজন চিকিৎসক দুই মাসের ফাউন্ডেশন প্রশিক্ষণে, একজন সাময়িক বরখাস্ত এবং আরেকজন সিভিল সার্জন কার্যালয়ে প্রাক্কলিত পদে কর্মরত রয়েছেন। হাসপাতালের গুরুত্বপূর্ণ আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) পদটিও বর্তমানে শূন্য। আগে দায়িত্বে থাকা কর্মকর্তা ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে সাময়িক বরখাস্ত থাকায় পদটিতে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।

উপজেলা পর্যায়েও সংকট তীব্র। আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০টি পদের বিপরীতে চিকিৎসক আছেন মাত্র ৭ জন; শূন্য ৩৩টি। বোদায় ৪২টি পদের বিপরীতে রয়েছেন ২০ জন; কার্যত ২২টি পদ শূন্য। এর মধ্যে দুই চিকিৎসক সরকারি আদেশে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সংযুক্ত এবং তিনজনের বিরুদ্ধে অনুমতি ছাড়া অনুপস্থিত থাকার কারণে বিভাগীয় মামলা চলছে।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৪টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত মাত্র ১০ জন; শূন্য ৩৪টি পদ। তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০টি পদের বিপরীতে চিকিৎসক রয়েছেন ৮ জন; শূন্য ৩২টি পদ।

পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে ১৪টি পদের মধ্যে ৬টি পূর্ণ এবং ৮টি শূন্য। অন্যদিকে সিভিল সার্জন কার্যালয়ে ৩টি পদের বিপরীতে কর্মরত একজন; শূন্য রয়েছে দুটি পদ।

চিকিৎসক না থাকায় সরকারি হাসপাতালগুলোতে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে রোগীদের এক জেলা থেকে আরেক জেলায় ছুটতে হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের রোগীদের জন্য এই অতিরিক্ত যাতায়াত ও চিকিৎসা ব্যয় বড় ধরনের চাপ হয়ে দাঁড়িয়েছে।

পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, চিকিৎসক সংকটের বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে। সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা হয়েছে। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছেন এবং চলতি মাসেই কিছু চিকিৎসক দেওয়ার আশ্বাস পাওয়া গেছে।

সিভিল সার্জন আরও বলেন, মেডিসিন, অর্থোপেডিকস, নাক-কান-গলা, চক্ষু ও গাইনি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় রোগীদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে চিকিৎসক সংকট দীর্ঘায়িত হলে সরকারি স্বাস্থ্যব্যবস্থার ওপর মানুষের আস্থা আরও কমবে। দ্রুত শূন্য পদ পূরণ, বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন এবং কর্মস্থলে অনুপস্থিত চিকিৎসকদের বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।

Facebook Comments Box
advertisement

Posted ৬:২৩ অপরাহ্ণ | রবিবার, ২৩ আগস্ট ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com