

মোঃ আসাদ আলী : দিনাজপুর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে জেলা পুলিশ।
গত মঙ্গলবার ০৯ জুন ২০২৬ খ্রি. দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম-এর নির্দেশনা ও নেতৃত্বে বোচাগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর সমন্বয়ে উপজেলার বিভিন্ন সড়কে বিশেষ চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় মাদক ও জুয়ার ভয়াবহ কুফল সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয় এবং সমাজ থেকে মাদক নির্মূলে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। পাশাপাশি যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পুলিশকে দিয়ে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়।
অভিযান চলাকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যানবাহনে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। জেলা পুলিশ জানায়, মাদক, জুয়া ও সকল ধরনের অপরাধের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন, সহকারী পুলিশ সুপার (কাহারোল সার্কেল) মোঃ মনিরুজ্জামান, মিজানুর রহমান (অফিসার ইনচার্জ বোচাগঞ্জ থানা)জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Posted ১০:৩৫ অপরাহ্ণ | বুধবার, ১০ জুন ২০২৬
দৈনিক গণবার্তা | Gano Barta


