

সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং এভারকেয়ার হাসপাতাল ঢাকা পরিচালনাকারী প্রতিষ্ঠান এসটিএস হোল্ডিংস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গ্রাহকসেবা, মানবিক কল্যাণ ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকারকে আরো সুদৃঢ? করতে এ দ্বিপক্ষীয় চুক্তি করা হয়।
রোববার সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানে এসটিএস হোল্ডিংস লিমিটেডের পক্ষে এভারকেয়ার হাসপাতাল ঢাকার প্রশাসনিক কর্মকর্তা এবং করপোরেট বিপণন প্রধান এ এম আবুল কাশেম ও সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পক্ষে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন।
এ চুক্তির ফলে সোনালী লাইফের বীমাগ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও অনুমোদিত সুবিধাভোগীরা এভারকেয়ার হাসপাতাল ঢাকার উন্নত ও সমন্বিত চিকিৎসাসেবা পাবেন। এর মাধ্যমে প্রয়োজনের সময়ে স্বাস্থ্যসেবা নেয়া আরো সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য হবে।
সমঝোতার আওতায় ইনডোর ও আউটডোর চিকিৎসা, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ, আধুনিক রোগ নির্ণয় পরীক্ষা এবং হাসপাতালে ভর্তি সমন্বয় সুবিধা থাকবে। এছাড়া ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স, ওষুধ সরবরাহ, বাসায় গিয়ে সেবা দেয়া এবং জরুরি স্বাস্থ্য সহায়তার জন্য নির্দিষ্ট যোগাযোগ ব্যবস্থার সুযোগ পাওয়া যাবে।
একই সঙ্গে অনুমোদিত সুবিধাভোগীদের জন্য এভারকেয়ার হাসপাতাল ঢাকায় বিশেষ সহায়তা কেন্দ্র থাকবে। এর মাধ্যমে দ্রুত ডাক্তারের সাক্ষাৎকার পাওয়া, রোগী সহায়তা ও চিকিৎসা ব্যবস্থাপনা আরো কার্যকর ও সুশৃঙ্খল হবে।
সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, প্রতিষ্ঠানটি সবসময় গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এভারকেয়ার হাসপাতালের সঙ্গে এ চুক্তি গ্রাহকদের উন্নত চিকিৎসাসেবা পাওয়া সহজ করবে এবং সেবার মানকে এক ধাপ এগিয়ে নেবে।
পরিচালক ফৌজিয়া কামরুন তানিয়া জানান, স্বাস্থ্য ও আর্থিক নিরাপত্তা একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। এই উদ্যোগের ফলে গ্রাহকেরা বিপদের সময় দ্রুত মানসম্মত চিকিৎসা সুবিধা পাবেন। গ্রাহককেন্দ্রিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে এটি বড় ভূমিকা রাখবে।
প্রতিষ্ঠানটির অপর পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়াল জানান, প্রযুক্তিনির্ভর ও সমন্বিত চিকিৎসাসেবা এখন সময়ের দাবি। এভারকেয়ার হাসপাতালের সঙ্গে এই চুক্তি গ্রাহকদের সেবাপ্রাপ্তির অভিজ্ঞতাকে আরো সহজ ও গতিশীল করবে।
স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা এ অংশীদারিত্বকে দেশের করপোরেট স্বাস্থ্যসেবা খাতে একটি সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।