

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে দুটি ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ অভিযান পরিচালনা করেছেন। এ সময় টাঙ্গাইলের সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি, টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রেহানা পারভীন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, উক্ত অভিযানে একটি ক্লিনিকের প্যাথলজি বিভাগের ফ্রিজে মাছ সংরক্ষণ করার প্রমাণ পাওয়ায় ওই প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ও ক্লিনিকের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং অপর একটি ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রিএজেন্ট পাওয়া যাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার কর্তৃপক্ষ।
এ বিষয়ে টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, আমরা সখীপুরের বিভিন্ন ক্লিনিকে অভিযান পরিচালনা করে বেশ কিছু অনিয়ম পেয়েছি।
অনিয়মের দায়ে ওই দুটি ক্লিনিক কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং একটি ক্লিনিকের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ওই ক্লিনিক গুলোর প্যাথলজিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও রিএজেন্ট পেয়েছি এবং প্যাথলজির ভিতরে থাকা ফ্রিজে কাঁচা মাছ পেয়েছি। যথাযথ নিয়ম মেনে চলে তাদেরকে ক্লিনিকের কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।