

মোঃ হৃদয় চৌধুরী : বান্দরবানের আলীকদমে জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের ভাইদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে বাথুই মার্মা (৪৮) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ১নং আলীকদম সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বৈখংঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। আহত বাথুই মার্মা ওই এলাকার মৃত দুংচি মার্মার ছেলে।
স্থানীয় ও প্রাথমিক অনুসন্ধান সূত্রে জানা যায়, প্রায় ৪৫ শতাংশ কৃষিজমি নিয়ে দীর্ঘদিন ধরে বাথুই মার্মার সঙ্গে তার আপন ভাইদের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার সকালে তার তিন ভাই মংথৌয়ায়নো মার্মা, চাথৌহ্লা মার্মা ও মৌংথৌয়ায় চিং মার্মার সঙ্গে বাথুই মার্মার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা লাঠি ও কিল-ঘুষি দিয়ে বাথুই মার্মাকে মারধর করেন বলে জানা গেছে।
এতে বাথুই মার্মার শরীরের বিভিন্ন স্থানে এবং বিশেষ করে বাম কাঁধে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন, তার মেয়ে ও বড় জামাই তাকে উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করেন। ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে আইনগত পদক্ষেপের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।