

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আগামীকাল সকাল ১১টায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ সময় তার নেতৃত্বে নির্বাচন কমিশনের (ইসি) একটি প্রতিনিধি দল উপস্থিত থাকবে। জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. মনির হোসেন আজ বাসসকে এ তথ্য নিশ্চিত করেন। ইসি সূত্রে জানা গেছে, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এদিকে গতকাল ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত সংসদ সচিবকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই স্বীয় পদ হতে পদত্যাগ করেছেন। সংবিধানের ১২৩ অনুচ্ছেদের দফা ২-এর বিধান অনুসারে রাষ্ট্রপতি পদ হতে পদত্যাগের কারণে উক্ত পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে তা পূর্ণ করার জন্য নির্বাচন অনুষ্ঠান করতে হবে। এতে আরো বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ এর ৫ ধারার (২) ও (৩) উপ-ধারার বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য স্পিকারের সঙ্গে আলোচনাক্রমে নির্বাচন কমিশনকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির মাধ্যমে ঘোষণা করতে হবে।