

আশরাফুল শ্রাবন : গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তি ও আশপাশের এলাকায় মাদকবিরোধী পৃথক দুটি অভিযানে ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ২০ জনকে মাদক সেবনের অভিযোগে এবং ১৯৫ পিস ইয়াবাসহ চারজনকে মাদক কারবারের অভিযোগে আটক করা হয়েছে। অভিযানের সময় অতিরিক্ত জনসমাগম হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। রোববার (১২ জুলাই) রাত ৮টার দিকে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ উদ্যোগে হাজী মাজার বস্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মাদক সেবনের অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের পুলিশের গাড়িতে তোলার সময় বিপুলসংখ্যক বস্তিবাসী ঘটনাস্থলে জড়ো হয়ে তাদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে নিরাপত্তার স্বার্থে পুলিশ চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে জনতাকে ছত্রভঙ্গ করে। এতে এলাকায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে একই অভিযানের ধারাবাহিকতায় সোমবার (১৩ জুলাই) রাত ১২টা ১৫ মিনিটে হাজী মাজার বস্তি সংলগ্ন আইআরআই রোডের মাথায় পৃথক অভিযান চালিয়ে ১৯৫ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন মো. মিজানুর রহমান (২৩), মো. মাসুম (২৯), মামুন (৩০) এবং মো. মশিউর রহমান বাপ্পী (২৪)। পুলিশ জানায়, তাদের কাছ থেকে উদ্ধার করা ১৯৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
মদকসেবি আটককৃতরা হলেন খন্দকার সাকিব আহমেদ (২৬), মো. মেহেদী হাসান (২০), হিমেল বিশ্বাস (২২), মো. মাহাতিম ওয়াসিম (১৮), মো. হাবিবুর রহমান (২৬), মো. রাব্বী (২১), মো. অনিক (২০), মো. মোক্তারুল (২৪), মো. রহমত আলী (২৯), মো. রসুল মোল্লা (২৪), রমিন রহমান (২১), জুলকার নাইন ওরফে অরিয়ান (২৩), মো. কাশফিয়ার রহমান জয় (১৯), মো. নাসির উদ্দিন (২২), মো. মশিউর রহমান মিঠু (৩৯), মো. জুনায়েদ (১৯), আরমান হোসেন বাদল (২২), আবতাহি হোসেন প্রিয়ন্ত (১৯), আরিফ (২২) এবং রাকিব আলী (২৫)।
এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, হাজী মাজার বস্তিকে মাদকমুক্ত করতে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। পৃথক দুটি অভিযানে মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ২০ জন মাদকসেবী এবং ৪ জন ইয়াবা কারবারি। ইয়াবাসহ আটক চারজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের সোমবার (১৩ জুলাই) গাজীপুর আদালতে পাঠানো হয়েছে এবং এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।