

স্টাফ রিপোর্টার : নারী ও শিশু নির্যাতন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আবু জাফর রাশেদ নামে আসামীকে গ্রেফতারের দাবি জানান বাদী নাজমা খানম। এ ঘটনায় রাজধানীর ধানমণ্ডি মডেল থানা পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগও তুলেছেন তিনি।
ভুক্তভোগীর অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন আবু জাফর রাশেদ। একপর্যায়ে তাকে স্বামী-স্ত্রীর পরিচয়ে ভাড়া বাসায়ও রাখেন বলে দাবি করেন নাজমা খানম। পরে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করায় তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
মামলার পরিপ্রেক্ষিতে আদালত থেকে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও এখনো তাকে আটক করা হয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগী। তার দাবি, আদালতের নির্দেশনার পরও প্রকাশ্যে চলাফেরা করছেন ওয়ারেন্টভুক্ত এই আসামি।
নাজমা খানম আরও জানান, এ বিষয়ে একাধিকবার ধানমণ্ডি মডেল থানায় যোগাযোগ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। আদালতের নথিপত্র থানায় জমা দেওয়ার পরও আসামিকে গ্রেফতারে গড়িমসি করা হচ্ছে বলে অভিযোগ তার। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।
দ্রুত ওয়ারেন্ট কার্যকর করে আবু জাফর রাশেদকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী নাজমা খানম। তবে এ বিষয়ে ধানমণ্ডি মডেল থানা পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।