মোঃ জনি হাসান, মহানগর প্রতিনিধি, গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) ২১তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নগরবাসীর নাগরিকসেবা আরও সহজ ও দ্রুত করার পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্পের গতি বাড়ানো এবং পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।
সভায় পূর্ববর্তী কর্পোরেশন সভার কার্যবিবরণী অনুমোদন ছাড়াও নগর উন্নয়ন প্রকল্প, ডিপিপি, রাজস্ব আদায় ও ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, বর্জ্য ব্যবস্থাপনা, নগর সম্পত্তি এবং সড়ক-ড্রেনেজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে নগরবাসীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় চলমান উন্নয়নকাজের অগ্রগতি পর্যালোচনা করে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কাজের মান নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি নাগরিকদের দৈনন্দিন ভোগান্তি কমাতে সিটি কর্পোরেশনের সেবাগুলোকে আরও কার্যকর ও জনবান্ধব করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, গাজীপুরের উন্নয়ন শুধু নতুন অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। নগরবাসীর জীবনযাত্রার মানোন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ, নিরাপদ সড়ক, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং প্রয়োজনীয় নাগরিকসেবা নিশ্চিত করাকে সমান গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পাশাপাশি প্রতিটি কাজের গুণগত মান বজায় রাখতে হবে। জনগণের অর্থে বাস্তবায়িত উন্নয়নকাজের সুফল যেন সরাসরি নগরবাসী পান, তা নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব।
প্রশাসক বলেন, গাজীপুর দ্রুত সম্প্রসারিত একটি মহানগর। ভবিষ্যতের নাগরিক চাহিদা বিবেচনায় রেখে এখন থেকেই সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক ও ড্রেনেজ, স্বাস্থ্যসেবা, রাজস্ব আদায় এবং নগর সম্পত্তির সুষ্ঠু ব্যবহারে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
সভায় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম বলেন, নাগরিকসেবার মান বাড়াতে সিটি কর্পোরেশনের সব বিভাগকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। সভায় গৃহীত সিদ্ধান্তগুলো যথাযথভাবে বাস্তবায়ন ও নিয়মিত তদারকির মাধ্যমে নগরবাসীর কাছে সেবার সুফল পৌঁছে দেওয়া হবে।
তিনি বলেন, উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে জনস্বার্থ, প্রয়োজনীয়তা, কারিগরি সক্ষমতা এবং দীর্ঘমেয়াদি সুফলকে গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে সময়ানুবর্তিতা, মান ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে আরও সক্রিয় করা হচ্ছে।
সভায় প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল বারেক, সচিব (ভারপ্রাপ্ত) মোঃ ফিরোজ আল মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা সানিউল কাদের, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ হারুনুর রশিদ, মোঃ লেহাজ উদ্দিন, মোঃ হাসিবুল ইসলামসহ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় নগরবাসীর স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন, উন্নয়ন প্রকল্পের তদারকি জোরদার এবং বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এসব সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে গাজীপুর মহানগরীর নাগরিকসেবা ও উন্নয়ন কার্যক্রমে আরও ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে।