

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মো. রিয়াদ (২১) নামে এক চালক গুরুতর আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
শুক্রবার (৯ অক্টোবর) রাত ১১টা ২৫ মিনিটে উপজেলার রশুনিয়া ইউনিয়নের ধামালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, দুর্ঘটনার খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকা মোটরসাইকেল চালককে উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিসের গাড়িতে করে তাঁকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
আহত রিয়াদ উপজেলার কোলা গ্রামের মিন্টু লস্করের ছেলে। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটিতে চালকসহ মোট তিনজন আরোহী ছিলেন।
সড়ক দুর্ঘটনা এড়াতে মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন নিয়ন্ত্রিত গতিতে চালানো, ট্রাফিক আইন মেনে চলা এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস।