

স্টাফ রিপোর্টার: বিজিবির জন্য নিজেদের ড্রোন তৈরি ও অ্যাসেম্বল করার উদ্যোগের কথাও জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা এগুলো নিজেরাও এখানে অ্যাসেম্বল করছি, বানাচ্ছি এবং ভবিষ্যতে সেটা আমাদের জন্য একটা ডিফেন্স ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে উঠতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে। সরকার মব অনেকাংশেই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে বলে দাবি করেন তিনি। মঙ্গলবার দুপুরে সিলেটে বিজিবির একটি অনুষ্ঠানে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, সীমান্ত এলাকায় অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিজিবিকে আধুনিকায়ন করা হচ্ছে। এতে সীমান্তে চোরাচালানসহ সব ধরনের অপরাধ কমে আসবে। এছাড়া চোরাচালান নিয়ন্ত্রণে ডিজিটাল পদ্ধতিতে প্রস্তুতি নেয়া হচ্ছে। তিনি বলেন, মাদকের বিস্তার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ড্রোন ও ডিজিটাল সার্ভেইল্যান্স প্রযুক্তি পরিচালনায় দক্ষ জনবল তৈরির পাশাপাশি ভবিষ্যতে এ সক্ষমতা আরও বাড়ানো হবে। বর্ডার আউটপোস্ট, বিজিবি সদর দপ্তর ও আঞ্চলিক কমান্ড পর্যায় থেকে সীমান্ত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণের সুযোগ তৈরি করা হবে। বিজিবির জন্য নিজেদের ড্রোন তৈরি ও অ্যাসেম্বল করার উদ্যোগের কথাও জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা এগুলো নিজেরাও এখানে অ্যাসেম্বল করছি, বানাচ্ছি এবং ভবিষ্যতে সেটা আমাদের জন্য একটা ডিফেন্স ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে উঠতে পারে। মন্ত্রী বলেন, বর্তমানে এ প্রশিক্ষণ কার্যক্রম মূলত বাহিনীর সদস্যদের জন্য পরিচালিত হবে। ভবিষ্যতে প্রয়োজন ও সুযোগ অনুযায়ী বেসামরিক জনগণকেও প্রশিক্ষণের আওতায় আনার ব্যবস্থা করা যেতে পারে। অনুষ্ঠান শেষে মন্ত্রী বিকেল সাড়ে ৩টায় সিলেট সার্কিট হাউজে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সিলেট জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন সংক্রান্ত বিশেষ পর্যালোচনা সভায় অংশ নেন।