
প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় বাগেরহাটের শারমিন সুলতানা রুমা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কন্যা ও তৃণমূল থেকে উঠে আসা তরুণ রাজনৈতিক সংগঠক শারমিন সুলতানা রুমা সংরক্ষিত মহিলা আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। দীর্ঘদিন ছাত্ররাজনীতিতে সক্রিয় থেকে সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন এবং রাজপথে ধারাবাহিক উপস্থিতির কারণে তাকে ত্যাগী ও পরীক্ষিত কর্মী হিসেবে দেখছেন নেতাকর্মীরা।
তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) সম্পন্ন করেছেন এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্স অধ্যয়নরত। ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর রাজনীতিতে। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য ও বর্তমানে সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আইন ছাত্রফোরামের খুলনা বিভাগীয় টিম প্রধান হিসেবেও যুক্ত আছেন।
দলীয় সূত্রে জানা যায়, বিভিন্ন আন্দোলন-সংগ্রামের কর্মসূচিতে তিনি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ২৪ মে ২০২২ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত হামলায় আহত হন। এছাড়া ২৮ অক্টোবর পল্টনে, ৭ ডিসেম্বর ২০২৩ দলীয় কার্যালয়ে হামলা এবং ১৯ জুলাই ২০২৪ মালিবাগে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন বলে সংশ্লিষ্টরা জানান।
তার পারিবারিক পটভূমিও রাজনৈতিকভাবে সুপরিচিত। তার বাবা রামপাল উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি ছিলেন। ২০১২ সালের ৫ নভেম্বর বিগত স্বৈরাচাররা তাকে নির্মমভাবে হত্যা করে। যা স্থানীয়ভাবে আলোচিত ঘটনা হিসেবে পরিচিত।
দলীয় নেতাকর্মীদের মতে, তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা, শিক্ষিত ও সংগ্রামী নারী নেতৃত্ব হিসেবে শারমিন সুলতানা রুমাকে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন দিলে তা ত্যাগী কর্মীদের মূল্যায়নের বার্তা দেবে এবং নারী নেতৃত্বের অগ্রযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে।
রাজনৈতিক মহলে এখন দেখার বিষয় দলীয় সিদ্ধান্তে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পান কি না।
Copyright © 2026 hacked by trenggalek6etar. All rights reserved.