
প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৩, ১:০৯ অপরাহ্ণ
লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

অপু হাসান, ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলায় মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. আব্দুল হান্নান নামে ৩০ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার চরভূতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হরিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত হান্নান ওই এলাকার তফিলউদ্দিন হাওলাদার বাড়ির মো. সামছুল হকের ছেলে।
জানা যায়, সকালের দিকে বাড়ির সামনে অবস্থিত মসজিদের পানি তোলার মোটর চালু করতে বিদ্যুৎ সংযোগ দিতে যান হান্নান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তার হান্নানের শরীরে জড়িয়ে যায়। তার জাড়ানোর সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের চিকিৎসক হান্নানের শরীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই যুবকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে।
Copyright © 2026 hacked by trenggalek6etar. All rights reserved.