

তানজিল মাহমুদ সিয়াম : ‘রূপালি মৎস্যে সমৃদ্ধির দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহাফুজুল হাসনাইনের তত্ত্বাবধানে সভাটি সঞ্চালনা করেন পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার ফাতেমা খাতুন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাসার, উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, বিআরডিবি কর্মকর্তা আবদুস সাওয়ারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষী, মৎস্যজীবী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল রাখতে মৎস্য খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষের ওপর গুরুত্ব দিতো হবে। পাশাপাশি জলাশয় সংরক্ষণ এবং দেশীয় প্রজাতির মাছের উৎপাদন ও সংরক্ষণে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, পরিকল্পিতভাবে মাছ চাষের সম্প্রসারণ করা গেলে একদিকে যেমন প্রাণিজ আমিষের চাহিদা পূরণ হবে, অন্যদিকে মৎস্যচাষীদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগও বাড়বে।
আলোচনা সভা শেষে সফল মৎস্যচাষীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। এর আগে আয়োজিত র্যালিতে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষী, মৎস্যজীবী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।