

শাহিন হোসেন, (চলনবিল) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার অন্তর্গত লাঙ্গলমোড়ায় তারেক রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) লাঙ্গলমোড়া ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে লাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সিরাজগঞ্জ CSFA চরবনবাড়িয়া ও বেলকুচির কল্যাণপুর দলের মধ্যে জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও টুর্নামেন্টের সভাপতি আয়ুব আলী মণ্ডলের সভাপতিত্বে এবং টুর্নামেন্টের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঘুড়কা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল ইসলাম, আবু তালেব খন্দকার, খোকন মাস্টার, ইয়াকুব আলী মাস্টার, যুবদল নেতা আলাউদ্দিন, ছাত্রদল নেতা জুবায়ের, শ্রমিক নেতা মুক্তার, আব্দুল হাদীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।উক্ত টুর্নামেন্টের সার্বিক হিসাব রক্ষকের দায়িত্ব পালন করেন রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন সুমন।
খেলায় সিরাজগঞ্জ CSFA চরবনবাড়িয়া দল ২-০ গোলে জয়লাভ করে শিরোপা নিশ্চিত করে। দলের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় মানিক ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।
খেলাটি পরিচালনা করেন রাশিদুল ইসলাম পাপন। তাঁকে সহযোগিতা করেন জিল্লুর রহমান ও আসাদুল ইসলাম।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য ৪০ হাজার টাকা এবং রানার্সআপ দলের জন্য ২৫ হাজার টাকা পুরস্কার নির্ধারণ করা হয়।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।