

স্টাফ রিপোর্টার : কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান শেষে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান।
দণ্ডপ্রাপ্তরা হলেন—ব্রাহ্মণপাড়া সদরের আব্দুস সালাম (৫০), পূর্বপাড়ার মো. রিপন মিয়া (৪০), দধিখুলার হৃদয় মিয়া (৩০), ছাতিয়ানির মো. ছোটন মিয়া (২৮), মহালক্ষীপাড়ার কাজী নাজমুল হাসান (৩৫), নন্দীপাড়ার মো. রুমান মিয়াজি (২৯), নাইঘরের মো. শহীদ মিয়া (৫০), সিদলাইয়ের মো. জসিম উদ্দিন (৩০), জিরুইনের মো. বাছির বাবুল (৩০) এবং নাগাইশের মো. হানিফ মিয়া (২১)।
মাদক সেবনের অপরাধে আব্দুস সালাম ও মো. রুমান মিয়াজিকে ছয় মাস করে এবং মো. রিপন মিয়া ও হৃদয় মিয়াকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মো. ছোটন মিয়া ও কাজী নাজমুল হাসানকে এক মাস করে, মো. শহীদ মিয়া ও মো. জসিম উদ্দিনকে ১০ দিন করে, মো. হানিফ মিয়াকে সাত দিন এবং মো. বাছির বাবুলকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেকের কাছ থেকে ১০০ টাকা করে জরিমানা আদায় করা হয়েছে। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সাজাপ্রাপ্ত ১০ আসামিকে বুধবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাহীন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।